দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) ৫১১ জন উদ্যোক্তাকে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এসব উদ্যোক্তার মধ্যে ২৭৬ জন নতুন ও ২৩৫ জন পুরোনো, অর্থাৎ ঋণসুবিধা পাওয়া উদ্যোক্তাদের মধ্যে নতুনদের সংখ্যা অর্ধেকের বেশি। আবার নতুন ও পুরোনো মিলিয়ে নারী উদ্যোক্তা রয়েছেন ২৩২ জন ও পুরুষ ২৭৯ জন।
রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনের সম্মেলনকক্ষে আজ সোমবার এ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
বিসিক জানিয়েছে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বিদ্যমান প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ঋণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান মিলিয়ে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।
বিসিক জানায়, নতুন ২৭৬ উদ্যোক্তার জন্য বরাদ্দ ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে পুরোনো ২৩৫ উদ্যোক্তা পাবেন ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা। পুরুষ উদ্যোক্তারা পাবেন ৭ কোটি ৬৩ লাখ টাকা।
ঋণ বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বিসিক বর্তমানে ২ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিতে পারে। ২ লাখ টাকার বেশি হলে জামানত নিতে হয়। জেলা পর্যায়ে ঋণের পরিমাণ ৫ লাখ টাকা এবং এর ঊর্ধ্বে বিসিক ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। ভবিষ্যতে পর্যালোচনা করে দেখা হবে, জামানতবিহীন ঋণের পরিমাণ কতটুকু বৃদ্ধি করা যায়। ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি।
বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, বিসিক কয়েক দশক ধরে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের কর্মসূচিতে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে অর্ধেকের বেশি নতুন, যা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা ও উদ্ভাবনী উদ্যোগের দ্বার উন্মোচন করবে।
কোন অঞ্চলে কত ঋণ
বিসিকের তথ্য অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চার আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে ঢাকা অঞ্চলে। এ অঞ্চলের ১৮১ জন উদ্যোক্তা পাবেন ৪ কোটি ৭৯ লাখ টাকা। খুলনা অঞ্চলের ১২৩ জনের জন্য বরাদ্দ ৩ কোটি ৭৩ লাখ টাকা। এ ছাড়া রাজশাহী অঞ্চলের ১১৮ জন পাবেন ৩ কোটি ৩৫ লাখ টাকা ও চট্টগ্রাম অঞ্চলের ৮৯ জন পাবেন ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বিসিকের এ ঋণ কর্মসূচির আওতায় ১৪টি শিল্প খাতের উদ্যোক্তারা সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ২২০ জন খাদ্য ও খাদ্যজাত শিল্পের উদ্যোক্তা। বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের উদ্যোক্তা দ্বিতীয় সর্বোচ্চ ১২২ জন, অর্থাৎ মোট ঋণপ্রাপ্ত উদ্যোক্তার প্রায় ৬৭ শতাংশই এ দুই খাতের। এ ছাড়া হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত, বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত, প্লাস্টিক, ইলেকট্রনিকস, সেবাসহ অন্যান্য খাতের উদ্যোক্তারাও ঋণ পাচ্ছেন।
আরও ৩৫০ কোটি টাকা দেওয়া হবে
বর্তমানে বিসিকের তিনটি ঋণ কর্মসূচি চালু রয়েছে। এগুলো হলো নিজস্ব তহবিলের ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঋণ কর্মসূচি এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচি।
এসব কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে আরও ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা করেছে বিসিক। এতে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছে সংস্থাটি।
এ ছাড়া শিল্পনগরগুলোর ভেতরের ও বাইরের উদ্যোক্তাদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে বিসিকের। একই সঙ্গে রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান আবার চালু এবং হালকা প্রকৌশলশিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের
প্রাণিসম্পদ উন্নয়নে নতুন সম্ভাবনা ফোরএফ মডেল
জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, সম্পাদক কলিন্স