শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

পাকিস্তানে ব্যবসায়িক আস্থায় বড় ধস, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা কমেছে ৫৫ শতাংশ পয়েন্ট

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জুলাই-অক্টোবর সময়ে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়লেও পাকিস্তানে ব্যবসায়িক আস্থার উল্লেখযোগ্য অবনতি হয়েছে বলে জানিয়েছেন ওভারসিজ ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওআইসিসিআই) আওতাধীন বিনিয়োগকারীরা। ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে ব্যবসায়িক আস্থায় এ অবনতি ঘটেছে।

মঙ্গলবার ওআইসিসিআই প্রকাশিত সর্বশেষ বিজনেস কনফিডেন্স সার্ভে (ওয়েভ ৩০)-এর তথ্য অনুযায়ী, সামগ্রিক ব্যবসায়ী সম্প্রদায়ের তুলনায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার পতন আরও বেশি।

তবে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সরাসরি বিদেশি বিনিয়োগ ২২ শতাংশ বেড়ে ৯৩ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ বিনিয়োগের পরিমাণ ছিল ৭৬ কোটি ৪০ লাখ ডলার।

সেপ্টেম্বর-অক্টোবর সময়ে সারা দেশে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জরিপটি পরিচালনা করা হয়। এতে দেখা গেছে, সামগ্রিক ব্যবসায়িক আস্থা ৩৬ শতাংশ পয়েন্ট কমেছে। আগের জরিপে আস্থার সূচক ইতিবাচক ১৩ শতাংশ থাকলেও এবার তা নেতিবাচক ২৩ শতাংশে নেমে এসেছে।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো, ওআইসিসিআইয়ের সদস্যদের মধ্যে ব্যবসায়িক আস্থা ৫৫ শতাংশ পয়েন্ট কমেছে। আগের জরিপে ইতিবাচক ২৮ শতাংশ থাকা এই সূচক এবার নেতিবাচক ২৭ শতাংশে নেমে এসেছে। এর ফলে দীর্ঘদিনের সেই প্রবণতার বিপরীত চিত্র দেখা গেছে, যেখানে সামগ্রিক ব্যবসায়ী সম্প্রদায়ের তুলনায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বেশি ছিল।

জরিপের ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৮০ শতাংশের প্রতিনিধিত্ব করে। উৎপাদন, সেবা ও খুচরা বিক্রয় খাতের প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মহানগর ও অন্যান্য শহরের ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

ব্যবসায়িক আস্থার অবনতির পেছনে ব্যবসা পরিচালনার ব্যয় নিয়ে বাড়তে থাকা উদ্বেগ প্রতিফলিত হয়েছে। বিশেষ করে জ্বালানি ও তেলের উচ্চমূল্য, মূল্যস্ফীতি, বৈশ্বিক শান্তি পরিস্থিতি, নিরাপত্তা এবং নীতিগত অনিশ্চয়তা এ উদ্বেগের প্রধান কারণ।

সামষ্টিক অর্থনীতির কিছু সূচকে উন্নতি দেখা গেলেও জরিপের ফলাফল বলছে, এসব অগ্রগতি এখনো ব্যবসার পরিবেশ কিংবা বিনিয়োগকারীদের আস্থায় উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

প্রধান তিনটি খাতেই ব্যবসায়িক আস্থা নেতিবাচক হয়ে পড়েছে। খুচরা ও পাইকারি বিক্রয় খাতে সবচেয়ে বেশি পতন হয়েছে। এ খাতে আস্থা ৪৫ শতাংশ পয়েন্ট কমে ইতিবাচক ২০ শতাংশ থেকে নেতিবাচক ২৫ শতাংশে নেমেছে।

উৎপাদন খাতে আস্থা ৩৪ শতাংশ পয়েন্ট কমে নেতিবাচক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। আর সেবা খাতে ৩১ শতাংশ পয়েন্ট কমে এ সূচক হয়েছে নেতিবাচক ১৭ শতাংশ।

জরিপে বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে প্রত্যাশা উল্লেখযোগ্যভাবে দুর্বল হওয়ার চিত্রও উঠে এসেছে।

মূলধনি বিনিয়োগের সূচক ১৬ শতাংশ পয়েন্ট কমেছে। আগের জরিপে ইতিবাচক ২ শতাংশ থাকলেও এবার তা নেতিবাচক ১৪ শতাংশে নেমেছে। অন্যদিকে, কর্মসংস্থান নিয়ে প্রত্যাশার সূচক ২৩ শতাংশ পয়েন্ট কমে নেতিবাচক ৬ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যবসা সম্প্রসারণের প্রত্যাশা সামান্য ইতিবাচক অবস্থানে, অর্থাৎ ৩ শতাংশে থাকলেও আগের জরিপের তুলনায় তা ২৭ শতাংশ পয়েন্ট কমেছে।

দেশের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে ব্যবসায়ীদের মূল্যায়নেও আস্থার এই পরিবর্তন স্পষ্ট। জরিপে অংশ নেওয়া ৭৮ শতাংশ উত্তরদাতা আগের ছয় মাসে পাকিস্তানের ব্যবসায়িক পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। আগের জরিপে এ হার ছিল ৪৭ শতাংশ।

আগামী ছয় মাসে ব্যবসার পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন ৪৪ শতাংশ উত্তরদাতা। আগের জরিপে এ হার ছিল ৩৪ শতাংশ। বিপরীতে, মাত্র ২৩ শতাংশ উত্তরদাতা পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করছেন। মে মাসে পরিচালিত আগের জরিপে এ হার ছিল ৪৭ শতাংশ।

ওআইসিসিআইয়ের প্রধান উমর আহসান খান এক বিবৃতিতে বলেন, জরিপের ফলাফল নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচনা করা উচিত। বিশেষ করে পাকিস্তান যখন বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতনির্ভর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, “ব্যবসায়িক আস্থার তীব্র পতন, বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে, বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করা মৌলিক কাঠামোগত সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

“ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজন পূর্বানুমানযোগ্য নীতিগত পরিবেশ, প্রতিযোগিতামূলক করব্যবস্থা, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণে অধিকতর ধারাবাহিকতা। নতুন বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা সম্প্রসারণে সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আস্থা পুনরুদ্ধার অত্যন্ত জরুরি।”

ওআইসিসিআইয়ের মহাসচিব এম. আবদুল আলিম চেম্বারের সদস্যদের মধ্যে ব্যবসায়িক আস্থার এতটা অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, পাকিস্তানে ব্যবসা পরিচালনার নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিদেশি বিনিয়োগকারীরা ঐতিহ্যগতভাবে তুলনামূলক বেশি আশাবাদী অবস্থান বজায় রেখেছেন।

তিনি বলেন, “ওআইসিসিআইয়ের সদস্যদের প্রতিক্রিয়ায় হতাশার যে মাত্রা প্রতিফলিত হয়েছে, তা সত্যিই বিস্ময়কর। তাঁরা পাকিস্তানে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠিত বিদেশি বিনিয়োগকারী। ঐতিহাসিকভাবে তাঁদের আস্থার মাত্রা সামগ্রিক ব্যবসায়ী সম্প্রদায়ের তুলনায় বেশি ছিল।”

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com