শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

১৬ ডিসেম্বরই ফিরছেন শেখ হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে দেশে ফিরতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কাছে তিনি সামরিক বিমান চেয়েছেন বলে ইতোমধ্যে খবর প্রকাশিত হয়েছে। তবে ঢাকা সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিকল্প হিসেবে স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী।

দলটির নেতারা বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শন করে সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন। এসব পথের কোনো একটি দিয়ে নির্ধারিত দিনে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে এসব কথা বলেন তিনি।

প্রতিবেদনটিতে সীমান্তের চিহ্নিত এলাকাগুলোকে ‘গোপালগঞ্জ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১২ দিন পরও বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে আসেনি। বরং জেলার বড় একটি অংশ এখনও আওয়ামী লীগের ‘মুক্তাঞ্চল’ হয়ে আছে বলে মনে করছে পুলিশ প্রশাসন। এ পরিস্থিতিতে সেখানে পুলিশি অভিযান না চালিয়ে ভিন্ন কৌশল নিয়েছে প্রশাসন।

সংবাদমাধ্যমটিকে বাহাউদ্দিন নাছিম বলেন, “তারেক রহমানের সরকার বঙ্গবন্ধুকন্যাকে দেশে ফেরাতে সরকারি বিমান না পাঠালে সীমান্তে এমন অসংখ্য ‘গোপালগঞ্জ’ রয়েছে, যার কোনো একটি দিয়ে দলীয় নেত্রী আগামী ১৬ ডিসেম্বর মাথা উঁচু করে দেশে ফিরবেন।”

সীমান্তে দায়িত্ব বিজিবি সদস্য কিংবা কর্মকর্তারা শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার সাহস দেখাবেন না বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

২০২৪ সালের আগস্টের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‘দেশের পরিস্থিতি এখন এমন যে জনগণের শক্তির কাছে প্রশাসন মাথানত করবে এবং মানুষকে সম্মান জানিয়ে সরে দাঁড়াবে।’ তার দাবি, প্রশাসনের ভেতরে এমন মনোভাবের প্রতিফলনই দেখা গেছে গোপালগঞ্জে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরো জেলা। দ্য ওয়ালের ওই প্রতিবেদনে এই উত্তেজনায় গোপালগঞ্জের ‘সদর উপজেলার কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে’ বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই দিন শহরে পুলিশ ও বিজিবি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে বাধা না দিয়ে উল্টে রাস্তায় থাকা ব্যারিকেড সরিয়ে নেয়। নিরাপত্তা কর্মীরা রাস্তার দু'ধারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে। ওই দিন আওয়ামী লীগের সমর্থকেরা গোপালগঞ্জ শহরে জুলাই স্মৃতিস্তম্ভও গুঁড়িয়ে দেন।

এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিনের বরাতে শুক্রবার বিবিসি জানায়, দেশে ফেরার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে একটি বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করার দাবি জানানো হবে। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে ফেরার চেষ্টা করবেন শেখ হাসিনা। বিকল্প হিসেবে ব্যবহার করা হতে পারে স্থলসীমান্ত।

অরিন বলেন, তিনি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম; এই পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন শেখ হাসিনার সমর্থকেরা।

২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে চলে যান ৭৯ বছর বয়সি শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশের সরকার।

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। সরকার এই রায় কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছে। তবে বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাস্তবতা ও আকাঙ্ক্ষা এক বিষয় নয়। শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।

অন্যদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com