রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, বিশ্বাসের অনন্য নজির

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

একটি একটি করে খোলা হলো ১৫টি দানবাক্স। বেরিয়ে এল দেশি-বিদেশি মুদ্রায় ঠাসা ৫১টি বস্তা। কোথাও টাকার স্তূপ, কোথাও সোনা-রুপার অলংকার। এসব টাকা গুনতে দিনভর ব্যস্ত সময় পার করলেন কয়েক শ শিক্ষার্থী, ব্যাংকার ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী। সকাল থেকে শুরু হওয়া গণনা শেষ হলো রাত ১০টার পর। হিসাব শেষে দেখা গেল, মানুষের দানের পরিমাণ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই এমন দৃশ্যের দেখা মেলে। প্রতিবারই দানের অঙ্ক নতুন করে বিস্মিত করে সবাইকে। তবে এই বিপুল অর্থের পেছনে রয়েছে মানুষের বিশ্বাস, মানত, প্রার্থনা আর সাধ্যমতো দান করার আকাঙ্ক্ষা।

চার মাস ২৪ দিন পর আজ শনিবার সকাল সোয়া ৭টায় মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। পরে টাকা ও অন্যান্য সামগ্রী ৫১টি বড় বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়।

সেখানে মেঝেতে টাকা ঢেলে শুরু হয় গণনা। এ কাজে অংশ নেন পাগলা মসজিদ-সংলগ্ন মাদ্রাসার ১০৬ জন এবং আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে ছিলেন রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের ১৯ জন কর্মকর্তা-কর্মচারী।

রাত ১০টা ১৫ মিনিটে চূড়ান্ত হিসাব ঘোষণা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ। গণনায় পাওয়া যায় ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এর বাইরে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনা-রুপার অলংকার।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com