প্রথম সমাচার ডেস্ক:
শতকোটি টাকার সম্পদের মালিকানা এবং বিএনপিতে পুনর্বাসনের বিষয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. একাব্বর আলী আকবর। নির্বাচনের আগে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল গণমাধ্যমকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বনবাড়িয়া এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন একাব্বর আলী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুক পেজে তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তার সম্পদ, ব্যবসায়িক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিচয় ও অতীত সম্পর্কে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই অন্যের দেওয়া ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে সামাজিক ও রাজনৈতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
শতকোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগের বিষয়ে একাব্বর আলী বলেন, ছোটবেলা থেকেই তিনি ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিনের ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তার আর্থিক অবস্থান তৈরি হয়েছে। তবে ব্যবসায়ী হলেই শতকোটি টাকার সম্পদের মালিক হতে হবে, এমন নয়। তার নামে শতকোটি টাকার সম্পদের হিসাব কীভাবে নির্ধারণ করা হয়েছে এবং কোন দলিল বা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে, তা জানতে চান তিনি। তার বিরুদ্ধে এমন কোনো তথ্য থাকলে প্রমাণসহ প্রকাশের চ্যালেঞ্জও জানান তিনি।
বিএনপিতে পুনর্বাসনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গত ১৮ বছর ধরে তিনি কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছিল। এসব মামলায় তাকে তিনবার কারাবরণ করতে হয়েছে। নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় অবস্থান থেকে সরে যাননি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তিকে নতুন করে বিএনপিতে পুনর্বাসনের কথা বলা কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্নও তোলেন তিনি।
আসন্ন কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় প্রতিবেদন প্রকাশের সময় ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন একাব্বর আলী। তিনি বলেন, নির্বাচনের আগে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে স্বার্থান্বেষী মহল গণমাধ্যমকে ব্যবহার করার চেষ্টা করছে বলে তার আশঙ্কা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত জনগণের মতামত, যোগ্যতা ও কাজের ভিত্তিতে। অসত্য তথ্য প্রচার করে কাউকে বিতর্কিত করার চেষ্টা নির্বাচনী পরিবেশের জন্য ক্ষতিকর।
প্রতিবেদন তৈরির অনুসন্ধান পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, প্রতিবেদনে যাদের বক্তব্য ও সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তারা সবাই একটি পক্ষের চিহ্নিত মানুষ। তাদের মধ্যে একজনের কাছে তার ব্যবসায়িক পাওনা টাকাও রয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিদের সিরাজগঞ্জ পুলিশ ক্যাফে রেস্টুরেন্টে ডেকে নিয়ে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অন্য কোনো সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে কি না কিংবা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
একাব্বর আলী বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে তথ্য-প্রমাণ যাচাই, একাধিক সূত্রের সঙ্গে কথা বলা এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ করা। কয়েকজন ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে গুরুতর অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় হতে পারে না।
সংবাদ সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংশোধন করে একই গণমাধ্যমে প্রতিবাদ ও প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানান তিনি। পাশাপাশি তার সম্পদের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও মামলার ইতিহাস যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান।
পরিশেষে একাব্বর আলী বলেন, তার ব্যবসায়িক ও রাজনৈতিক পথচলা দীর্ঘদিনের। এর পেছনে রয়েছে পরিশ্রম, অভিজ্ঞতা ও নানা প্রতিকূলতার ইতিহাস। কারও বিরুদ্ধে প্রতিহিংসা বা সংঘাত চান না তিনি। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তথ্য-প্রমাণসহ প্রকাশ করা হোক, তিনি যথাযথ জবাব দিতে প্রস্তুত। গণমাধ্যমের প্রতি তার অনুরোধ, কোনো একটি পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে সব পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য-প্রমাণ যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা হোক।
সূত্র: মূল প্রতিবেদন

দেশকে আর কখনোই কারও পৈতৃক সম্পত্তি বানাতে দেবো না, এই দেশ আমাদের: ডেপুটি স্পিকার