প্রথম সমাচার ডেস্ক:
নতুন ধারার রাজনীতির প্রত্যাশা নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছিলেন তারা। তবে দলের আদর্শিক অবস্থান ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে হতাশা থেকে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন চুনারুঘাট উপজেলা শাখার পাঁচ নেতা।
গত তিন দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক ভিডিও বার্তায় তারা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নুরুল কালাম আজাদ ও মো. শফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সুবেল মিয়া এবং সদস্য শাহ আলম ও মো. মমিন মিয়া।
ভিডিও বার্তায় পদত্যাগের পেছনে একাধিক কারণ তুলে ধরে তারা জানান, আদর্শিক বিচ্যুতি, সাংগঠনিক অনিয়ম, কোরামবাজি এবং নীতিগত অবস্থান থেকে সরে আসার কারণে তারা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে হবিগঞ্জ জেলা কমিটি থেকে পদত্যাগ করেন এনসিপির ক্রীড়া সম্পাদক মো. ফজলুল করিম। তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক চর্চা ও আদর্শিক রাজনীতির প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু বাস্তবে দলের ভেতরে সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে পাচ্ছেন না। বরং পদ-পদবিকেন্দ্রিক রাজনীতি বেশি প্রাধান্য পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
পদত্যাগকারী নেতারা বলেন, রাজনীতি করতে এসে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা না গেলে পদ ধরে রাখার কোনো অর্থ হয় না। আদর্শ ও নীতির প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করাই রাজনৈতিক সততা ও সাহসিকতা।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা এনসিপির দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হতে পারে।
সূত্র: মূল প্রতিবেদন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না: প্রতিমন্ত্রী শাহে আলম