প্রথম সমাচার ডেস্ক:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গভীর রাতে তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নূরে আলমের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বাড়িতে থাকা তিনটি গাড়ির মধ্যে একটিতে আগুন দেওয়া হয় এবং অন্য দুটি ভাঙচুর করা হয়। ঘটনার সময় ৭০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় ভুক্তভোগীদের প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। হামলাকারীদের ছোড়া গুলি বিদ্ধ হয়ে নূরে আলমের শ্বশুর আলম মিয়া (৭০) আহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাজী নূরে আলমের স্ত্রী পারভীন বেগম অভিযোগ করেন, গতকাল দিবাগত রাত ৩টার দিকে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নির্দেশে তাঁর ছোট ভাই তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির ওরফে পায়েল মোল্লা, থানা ছাত্রদলের সদস্য ও তাঁদের খালাতো ভাই নিরব, ফজল মেম্বারের ছেলে সিয়াম, শওকতসহ ২০ থেকে ৩০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর, মালামাল লুটপাট ও তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে দাবি করেন তিনি। এ ছাড়া তাঁর স্বামী নূরে আলম ও দুই ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। খবর পেয়ে তাঁর বাবা দ্রুত বাড়িতে আসার পথে তাঁকেও গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন।
পারভীন বেগম আরও বলেন, ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের নেতাদের চাঁদা দিয়ে আসছিলেন তাঁরা। এরপরও নতুন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। দাবি করা টাকা না দেওয়ায় তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর।
হাজী নূরে আলম বলেন, শনিবার রাত ২টা থেকে শুরু করে ৩টা পর্যন্ত তাণ্ডব চালায় হামলাকারীরা।
হামলার সময় দুর্বৃত্তরা বিভিন্ন স্লোগান দিয়ে বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাট চালায়। তাঁকে, তাঁর দুই ছেলেকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। তাঁর শ্বশুরকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন।
বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধী যে-ই হোক, তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন

ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা: সারজিস আলম