প্রথম সমাচার ডেস্ক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় সরকার আইন সংশোধন করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আর দলীয়ভাবে হবে না। সেখানে কোনো দলের প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি কাউকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। ব্যানার-পোস্টারেও কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দেওয়া যাবে না। তবে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হলে তা ঘোষণা করা হবে। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২১ নভেম্বর) বিকালে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত ছিল। আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে।
পলাতক নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল দেশে যত ষড়যন্ত্রই করুক না কেন, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। বাংলাদেশে তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পলাতক, পতিত ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা দেশের দু-এক জায়গায় পেট্রল বোমা মেরে, থানা পুড়িয়ে দিয়ে মনে করছে, তারা দেশে অরাজকতা সৃষ্টি করে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শহীদ আবু সাঈদের মতো যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগকে বিসর্জন দিয়ে আবার নতুন করে কিছু করতে পারবে। এসব করে কোনো লাভ হবে না।
তিনি বলেন, কোনো জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, সরকারি অফিস-আদালতের প্রয়োজন নেই, ওই জেলার উন্নয়নের প্রয়োজন নেই, তাহলে বর্তমান সরকার তা করবে না। জনগণের ওপর নির্ভর করবে তারা কী চায়।
রংপুরের উন্নয়ন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারের জন্য ৫৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। রংপুর নগরীর উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া এলজিইডি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়নে আরও কোনো কর্মসূচি হাতে নেওয়া হলে তা অনুমোদন করা হবে।
তিনি আরও বলেন, রংপুর অঞ্চলের সব জেলার জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। শুধু রংপুর জেলার উন্নয়নে সাড়ে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জন্য আলাদা একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রংপুর বিভাগের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে স্থানে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করলে মানুষ বেশি উপকৃত হবে, সেখানেই দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মানোয়ারা বেগম, ভাই আবু হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী, রংপুর জেলা প্রশাসক ইসরাত জাহান, জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।
সূত্র: মূল প্রতিবেদন

‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা