শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

পিরোজপুরে জেলে কার্ডে চাল উত্তোলনের অভিযোগ বিএনপি নেতা দুলাল ফকিরের বিরুদ্ধে

Icon প্রথম সমাচার ডেস্ক

সোমবার (১২ অক্টোবর) উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে ৬৭৯ জন জেলের জন্য বরাদ্দ করা চাল বিতরণ করা হয়। এ সময় জেলেদের তালিকার ৩৮ নম্বর ক্রমিকে ইউপি সদস্য দুলাল ফকিরের নাম রয়েছে।

দুলাল ফকির চরবলেশ্বর গ্রামের মৃত খবির উদ্দিন ফকিরের ছেলে। তিনি চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ইউনিয়নের ১ নম্বর চরবলেশ্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

স্থানীয়রা জানায়, তিনি আর্থিকভাবে সচ্ছল এবং সমুদ্রে মাছ ধরার দুটি ফিশিং বোটের মালিক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

অভিযোগ রয়েছে, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি সহায়তার চাল তিনি জেলে কার্ডের মাধ্যমে উত্তোলন করেছেন। একজন জনপ্রতিনিধি ও ফিশিং বোটের মালিকের নামে জেলে কার্ড থাকা এবং সেই কার্ডের মাধ্যমে সরকারি সহায়তা গ্রহণের বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে মো. দুলাল ফকির বলেন, “আমি একজন মহাজন। সাগরে মাছ ধরার ফিশিং বোট রয়েছে আমার। তবে মহাজন ও জেলে—সবারই জেলে কার্ড পাওয়ার অধিকার রয়েছে। আমি চাল উত্তোলন করে অন্য এক জেলেকে দিয়েছি।”

এ বিষয়ে জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমান বলেন, “ইউপি সদস্যের নামে জেলে কার্ডের বিষয়টি আমার জানা নেই। তালিকা না দেখে এ বিষয়ে কিছু বলতে পারব না।”

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com