শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

প্রতিরক্ষা শক্তি বাড়াতে ভারতের ক্ষেপণাস্ত্র ও রকেটব্যবস্থার দিকে ঝুঁকছে ফিলিপাইন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ভারতের তৈরি ব্রহ্মোস জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার পর এবার আরও দুটি ভারতীয় অস্ত্রব্যবস্থা কেনার কথা বিবেচনা করছে ফিলিপাইন। বিশ্লেষকদের মতে, এসব অস্ত্রব্যবস্থা ম্যানিলাকে আরও শক্তিশালী প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে পারে। পাশাপাশি ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার ভিত্তিও তৈরি হতে পারে।

ভারতীয় ডিজিটাল সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন পাঁচটির বেশি রেজিমেন্টের আকাশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং কয়েকটি ব্যাটারি পিনাকা রকেট লঞ্চার কেনার কথা বিবেচনা করছে। দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনটি প্রকাশের মাত্র দুই সপ্তাহ আগে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো নিশ্চিত করেন, তাঁর দেশ আরও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে চায়। এ ছাড়া দেশটির ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোর সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ করতে ক্ষেপণাস্ত্রগুলোর নকশায় পরিবর্তনের একটি প্রস্তাবিত তালিকাও জমা দিয়েছে ফিলিপাইন।

ফার্স্টপোস্ট জানিয়েছে, ম্যানিলা আরও ছয়টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রব্যবস্থার ব্যাটারি কেনার কথা বিবেচনা করছে। এসব প্রস্তাব নিয়ে আলোচনা ‘উন্নত পর্যায়ে’ রয়েছে।

পর্যবেক্ষকদের মতে, ফিলিপাইন নিজেদের প্রতিপক্ষের প্রবেশ ঠেকানো এবং নির্দিষ্ট এলাকায় তাদের তৎপরতা সীমিত রাখার সক্ষমতা বাড়াতে চাইছে। এ ক্ষেত্রে নতুন অস্ত্রব্যবস্থাগুলো দেশটির সামরিক সক্ষমতার ঘাটতি পূরণ করবে।

দিল্লিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সহযোগী ফেলো অভিষেক শর্মা এশিয়া বিষয়ক সংবাদমাধ্যম দিস উইক ইন এশিয়াকে বলেন, ‘ভারত-ফিলিপাইন প্রতিরক্ষা অংশীদারত্বের এই গতিপথ ক্রমবর্ধমান কৌশলগত আস্থা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি তুলে ধরছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।’

তিনি বলেন, ব্রহ্মোস চুক্তি এই অংশীদারত্বের ভিত্তি তৈরি করেছে এবং আরও সহযোগিতা ও যৌথ উদ্যোগের সুযোগ সৃষ্টি করেছে।

অভিষেক শর্মা বলেন, ‘চুক্তিটি বাস্তবায়িত হলে ফিলিপাইন হবে ভারতের প্রথম প্রতিরক্ষা অংশীদার, যার সঙ্গে আমরা একাধিক অস্ত্রব্যবস্থা ভাগাভাগি করব।’

প্রতিরক্ষা বিশ্লেষক এবং ফ্যাক্টস এশিয়ার (FACTS Asia) ভিনসেন্ট কাইল পারাদা মনে করেন, আকাশ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ম্যানিলার আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করবে। বর্তমানে ফিলিপাইনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ইসরায়েলি তৈরি স্পাইডার-এমআর (SPYDER-MR) আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ভ্রাম্যমাণ ফায়ার টিম এবং অল্পসংখ্যক এফএ-৫০ যুদ্ধবিমান রয়েছে।

পারাদা আরও বলেন, জাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতার দিক থেকে পিনাকা ব্রহ্মোসের মতোই ভূমিকা রাখতে পারে। এটি দ্রুত ধারাবাহিকভাবে উচ্চ বিস্ফোরক ক্ষমতাসম্পন্ন রকেট নিক্ষেপ করে লক্ষ্যবস্তুর প্রতিরক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করতে পারে।

পারাদা বলেন, ‘এর উদ্দেশ্য হলো, কোনো নির্দিষ্ট সামরিক অভিযান এলাকায় প্রতিপক্ষের প্রবেশ ঠেকানো এবং যুদ্ধক্ষেত্রে তাদের কার্যক্রমের স্বাধীনতা সীমিত করা। এ ক্ষেত্রে আমরা ফিলিপাইনের সমুদ্রপথে প্রবেশের এলাকাগুলো এবং সেগুলোর ওপরের আকাশসীমার কথা বলছি।’

তিনি বলেন, আকাশ, পিনাকা ও ব্রহ্মোসের মতো দীর্ঘপাল্লার অস্ত্রব্যবস্থা ‘আপনাকে দূর থেকেই শত্রুকে হুমকির মুখে ফেলার সুযোগ দেবে। এতে সম্মুখসারির বাইরে পর্যন্ত সামরিক শক্তি প্রয়োগ করা সম্ভব হবে এবং প্রতিরক্ষার গভীরতাও বাড়বে।’

অভিষেক শর্মাও একমত যে, আকাশ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ম্যানিলাকে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ ও স্থাপনায় আসা আকাশপথের হুমকি মোকাবিলায় সহায়তা করবে। অন্যদিকে, পিনাকা যেকোনো স্থল আক্রমণ প্রতিহত করতে কামানের গোলাবর্ষণের সক্ষমতা দেবে।

পর্যবেক্ষকদের মতে, আকাশ ও ব্রহ্মোস পরস্পরের পরিপূরক অস্ত্রব্যবস্থা। বিভিন্ন পাল্লায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাধ্যমে এগুলো ফিলিপাইনের জন্য স্তরভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারে।

ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের কৌশলগত অধ্যয়ন কর্মসূচির অনাবাসিক সহযোগী ফেলো তুনির মুখার্জি বলেন, ‘আকাশ এবং পিনাকার নির্দেশিত ক্ষেপণাস্ত্র সংস্করণ—উভয়ই ব্রহ্মোস মোতায়েন করা হয়েছে এমন অঞ্চলে ব্যবহার করা যেতে পারে। এর ফলে বিশেষ করে চালকবিহীন আকাশযানব্যবস্থাসহ বিভিন্ন হুমকি থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থাগুলো সুরক্ষিত থাকবে।’

তিনি আরও বলেন, আকাশ ও পিনাকা উপকূলীয় প্রতিরক্ষায় ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে আকাশপথ নিরাপদ রেখে কার্যকরভাবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র মোতায়েন করা সম্ভব হবে।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক স্টাডিজের পিএইচডি গবেষক প্রিসি পাটনায়েক বলেন, ব্যয়ের অসমতার দিক থেকে ক্ষেপণাস্ত্রগুলো পরস্পরের পরিপূরক। অর্থাৎ তুলনামূলক কম খরচের অস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষের অস্ত্রের মজুত নিঃশেষ করে দেওয়ার কৌশল এতে কার্যকর হতে পারে।

তিনি বলেন, ‘ব্রহ্মোস ব্যয়বহুল একটি অস্ত্র, যা অতিরিক্ত পরিমাণে সংগ্রহ করা বা ব্যাপকভাবে ব্যবহার করা সম্ভব নয়। তবে পিনাকার মতো কম ব্যয়ের বিকল্প রয়েছে। পিনাকা সম্প্রতি দীর্ঘপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে, যার নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা ক্রমেই বাড়ছে। এসব অস্ত্র সাশ্রয়ী হওয়ায় বিপুল পরিমাণে মজুত করা এবং বারবার ব্যবহার করা সম্ভব।’

পাটনায়েক বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র ও রকেটব্যবস্থাগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী এবং নির্ভরযোগ্য। পাশাপাশি ‘জটিল রাজনৈতিক বা সরবরাহসংক্রান্ত জটিলতা ছাড়াই এসব অস্ত্র বাজারে পাওয়া যাচ্ছে।’

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিটিকস, অর্গানাইজেশন অ্যান্ড ডিজআর্মামেন্টের পিএইচডি গবেষক ঊর্জা তপন বলেন, ক্ষেপণাস্ত্রগুলোর যুদ্ধক্ষেত্রে ব্যবহারের অভিজ্ঞতাও ক্রেতাদের আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ বিষয়। গত বছর পাকিস্তানকে লক্ষ্য করে পরিচালিত ভারতের সামরিক অভিযান অপারেশন সিন্দুরে ব্রহ্মোস ও আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল।

তপন বলেন, ‘ভারতের প্রতিরক্ষাসচিব প্রকাশ্যে বলেছেন, এসব অস্ত্র কতটা ভালো কার্যকারিতা দেখিয়েছে। … ভারত বিপুলসংখ্যক তিন ধরনের অস্ত্রই ব্যবহার করে। ফলে ক্রেতারা চলমান উৎপাদনব্যবস্থা এবং উন্নত সংস্করণ পাওয়ার সুযোগের সঙ্গে যুক্ত হতে পারেন। এগুলোর দামও আঞ্চলিক দেশগুলোর বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দ্রুত সরবরাহ করা যায়।’

তিনি উল্লেখ করেন, চুক্তি স্বাক্ষরের প্রায় দুই বছর পর ফিলিপাইনে প্রথম ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের ব্যাটারিগুলো পৌঁছেছিল। আরও গভীর প্রতিরক্ষা সহযোগিতা পর্যবেক্ষকদের মতে, ভারত দ্রুত ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার একটি পছন্দের সরবরাহকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করছে। এর ফলে ফিলিপাইনের সঙ্গে আরও গভীর প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পথ তৈরি হতে পারে।

পারাদা বলেন, ক্ষেপণাস্ত্রের বাজারে আগে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো যে চাহিদা পূরণ করত, ভারত এখন সেই জায়গায় শূন্যতা পূরণ করছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পাশাপাশি ভূরাজনৈতিক চাপ, ভাবমূর্তিসংক্রান্ত নেতিবাচক পরিস্থিতি এবং ইসরায়েলের নিজস্ব যুদ্ধকালীন অভ্যন্তরীণ চাহিদার কারণে ‘ম্যানিলাকে সম্পৃক্ততা কমাতে বাধ্য করেছে’।

পারাদা বলেন, ‘ভারত ধীরে ধীরে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে। ফলে এটি দীর্ঘমেয়াদি অংশীদারত্বে রূপ নিচ্ছে বলে মনে হচ্ছে। ফিলিপাইনের ধারাবাহিকভাবে ভারতীয় অস্ত্র কেনা সম্ভাব্য অংশীদারদের কাছে একটি কার্যকর প্রতিরক্ষা সরবরাহকারী হিসেবে ভারতের অবস্থানকে বৈধতা দিচ্ছে।’

তপনও মনে করেন, দিল্লি ও ম্যানিলার মধ্যে আরও গভীর প্রতিরক্ষা সম্পর্ক গড়ে ওঠার পথেই এগোচ্ছে।

তিনি বলেন, ‘ভারত ও ফিলিপাইন ২০২৫ সালের আগস্টে কেবল কৌশলগত অংশীদার হয়েছে। ম্যানিলার চাহিদা অনুযায়ী তৈরি ব্রহ্মোসের সঙ্গে ভারতের আকাশ প্রতিরক্ষা ও রকেটব্যবস্থা যুক্ত হলে ওই অংশীদারত্বের বাস্তব সামরিক গুরুত্ব তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘এ ক্ষেত্রে প্রকৃত পরীক্ষা হবে কম আকর্ষণীয় বিষয়গুলো: প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং ম্যানিলার জন্য গ্রহণযোগ্য অর্থায়নের শর্ত। প্রকৃতপক্ষে এসব বিষয়েই প্রতিরক্ষা অংশীদারত্ব গড়ে ওঠে।’

পাটনায়েকও একমত যে, এসব চুক্তি প্রতিরক্ষা শিল্পে যৌথ সহযোগিতার পথ তৈরি করতে পারে।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার ক্ষেত্রে ফিলিপাইন হতে পারে পরবর্তী দেশ।’

মুখার্জি উল্লেখ করেন, দিল্লি ম্যানিলাকে যে ব্রহ্মোস চুক্তির প্রস্তাব দিয়েছিল, তাতে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সরবরাহসংক্রান্ত সহায়তা অন্তর্ভুক্ত ছিল।

তিনি বলেন, ‘আকাশ ও পিনাকা অস্ত্রব্যবস্থা কেনার মাধ্যমে এই সম্পর্ক আরও পরিণত হলে দুই দেশ আরও গভীর সমন্বিত সম্পর্ক গড়ে তুলতে পারে। এর ফলে দীর্ঘমেয়াদি সামরিক পর্যায়ে পারস্পরিক সম্পৃক্ততার পথ তৈরি হতে পারে।’

মুখার্জি আরও বলেন, এরপর ম্যানিলা একাধিক বছরের রক্ষণাবেক্ষণ সহায়তা এবং খুচরা যন্ত্রাংশ ও গোলাবারুদের আরও অনুকূল মূল্যসহ সুবিধাজনক শর্ত চাইতে পারে।

তপন বলেন, প্রতিরক্ষা সরবরাহকারী হিসেবে ভারত এমন একটি অবস্থান তুলে ধরছে, যেখানে নির্ভরশীলতা তৈরি না করেই সামরিক সক্ষমতা সরবরাহ করা হয়।

তিনি বলেন, ‘ভারতের সামরিক বাহিনীতে এসব অস্ত্রব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত। ক্রেতার ভৌগোলিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলো তৈরি করা হয় এবং কোনো সামরিক জোটের শর্ত ছাড়াই বিক্রি করা হয়। চলতি বছর ইন্দোনেশিয়ার ব্রহ্মোস চুক্তি দেখিয়েছে, ম্যানিলার বাইরেও ভারতের এই প্রস্তাব গ্রহণযোগ্যতা পাচ্ছে।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com