শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Logo
×

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

Icon প্রথম সমাচার ডেস্ক

১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান । তার শৈশব কেটেছে সামরিক ও রাজনৈতিক আবহে। ঢাকার বিএফ শাহীন স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। রাজনীতির পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থমাস হবস, জন লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের রাজনৈতিক দর্শনের প্রতিও তার আগ্রহ ছিল।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৯৩ সালে বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন তারেক রহমান। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।

২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ‘আয়নাঘর’-এ নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় এ রাজনীতিককে জড়ানোর অভিযোগ করে আসছে বিএনপি। এরপর তারেক রহমান চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ সময় সেখান থেকেই দলের নেতৃত্ব দেন।

পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারেক রহমান। প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের প্রেক্ষাপটে তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেন। এতে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভার সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীলতা এবং যোগ্যতাভিত্তিক সমাজ গঠনের পরিকল্পনা তুলে ধরা হয় ।

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির এই চেয়ারম্যান । চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com