প্রথম সমাচার ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিজমের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। থাইল্যান্ড কেন্দ্রীয় বিএনপি এই আলোচনাসভার আয়োজন করে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আমরা চিন্তিত নই। তার এবং তার অনুসারীদের কার্যক্রম নিয়ে চিন্তিত। তারা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেটা আপনারা দেখছেন। গোপালগঞ্জে একটা ক্ষুদ্র জায়গায় সহিংসতা করছে। সারা দেশে করতে পারছে না।
তিনি বলেন, তারা শ্রমিকদের লেলিয়ে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবারই গার্মেন্টস ইন্ড্রাস্ট্রিতে সর্বোচ্চ অর্ডার এসেছে। এই অর্ডারটার ডেলিভারি শুরু হবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। সেই অর্ডার যেন উঠাতে না পারে, আমরা যেন স্বাবলম্বী হতে না পারি, তার জন্য শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিয়েছে। শ্রমিকরা কখনো রাম দাও নিয়ে, লাঠি নিয়ে মিছিল করে না। এরা শ্রমিক না, এরা যারা পালিয়ে ছিল, তারা বের হয়েছে।ইকবাল হাসান মাহমুদ বলেন, আমরা ভদ্রতা করছি। এটা ট্রান্জিসন। পুলিশ দিয়ে নির্যাতন করে, মানুষ হত্যা করে। শেখ হাসিনা চলে গেছেন। আমরা সে পথে হাঁটতে চাচ্ছি না। কিন্তু আমাদের যদি সে পথে হাঁটতে বাধ্য করে, আমরা অবশ্যই সে পথে হাঁটবো। তবে মানুষ চাইলেই সে পথে হাঁটবো আমরা। কারণ আমরা মানুষের ভোটে বিশ্বাস করি। আস্থায় বিশ্বাস করি। বিএনপি কখনো ক্ষমতায় আসেনি মানুষের ভোট ছাড়া।
খালেদা জিয়া নির্বাচন দিয়ে ভোটে পরাজিত হয়ে বিরোধী দলের আসনে বসেছে। কিন্তু ভোট ছাড়া জোর করে ক্ষমতায় আসেনি। আমরা বিএনপি, কখনো জোর করে ক্ষমতায় থাকবো না।
তিনি বলেন, অনেকেই বলে বিএনপি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্টিভ না। আমরা এটা স্বীকার করি। আমাদের কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্টিভ হতে হবে। তাদের কথার জবাব দিতে হবে, একটা কথার বিপরীতে ১০টা জবাব দিতে হবে। ওরা ফ্যাসিস্ট, চিরতরে ফ্যাসিস্ট। দুষ্কৃতকারী।
তাদের এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত থাকতে হবে। প্রবাসীদেরতো রাস্তায় নামতে হয় না। আপনারা পরিশ্রম করে যেটুকু সময় পান, যখন ফেসবুক খুলবেন, সেখানে ওদেরকে কমেন্ট করবেন। একজন একজন করে করলেও হাজার হাজার হয়ে যাবে। আমাদেরকে এই ঘাটতিগুলো পূরণ করতে হবে।আলোচনাসভা শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে কেক কাটেন মন্ত্রী।
এসময় থাইল্যান্ড কেন্দ্রীয় বিএনপির প্রস্তাবিত খসড়া কমিটির নাম ঘোষণা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অনুষ্ঠানের বিশেষ অতিথি আনোয়ার হোসেন খোকন।
সূত্র: মূল প্রতিবেদন

জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল: সাদিক কায়েম