শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপি ও নিষিদ্ধ আ.লীগের মধ্যে সংঘর্ষ, আহত অনেকে

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও বিএনপির মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে উপজেলার বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে রাখা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এরপর বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এসব ঘটনার পর উপজেলার বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকটি মহল্লায় বিক্ষোভ মিছিল ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, সভা শেষে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার হাতিগাড়া এলাকায় পরিস্থিতি দেখতে যান। এ সময় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপির সমর্থক কিছু উত্তেজিত ব্যক্তি। তাদের অভিযোগ ছিল, আগের সহিংসতার ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। এ সময় ঘটনার ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর করা হয়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে আহত ব্যক্তিদের পরিচয় ও তাঁদের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার পরিপ্রেক্ষিতে তারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com