ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
তিনি আজ সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।
আজ সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে নবনিযুক্ত মহাপরিচালককে সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন বিদায়ী মহাপরিচালক। পরে বেলা ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়। এতে অধিদপ্তরের পরিচালক, প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরাসরি অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন। দুপুর ১২টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কর্মকর্তারা বিদায়ী মহাপরিচালকের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতার কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে নিজ দপ্তরে নবনিযুক্ত মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। পরে অধিদপ্তরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে সদর দপ্তর ত্যাগ করেন।
দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।
তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাদের আত্মার আত্মীয়: প্রতিমন্ত্রী অমিত
রাতেই দেখা মিলতে পারে মহাজাগতিক বিস্ময়ের, সাক্ষী হবে বাংলাদেশও
সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী