বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Logo
×

সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে। তিনি জানান, গণমাধ্যমকর্মী, সরকার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজের সংসদীয় আসন ভোলা-১-এর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইন সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন টিভি ও পত্রিকার মালিকসহ সংশ্লিষ্ট সব পক্ষ বা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে সাংবাদিক, সরকার এবং সাধারণ মানুষ সঠিক সুরক্ষা পায়। এটি একটি চলমান প্রক্রিয়া এবং আশা করছি সামনে এর থেকে ভালো কিছু আসবে।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘হিন্দু-মুসলমান সবাই মিলে এখানে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন। নির্বাচন পূর্ববর্তী সময় থেকেই বলা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তাও দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলে জেনেছি, কোথাও কোনো নিরাপত্তার আশঙ্কা নেই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর পরিবেশে সবাই উৎসব পালন করছেন।’

এদিকে নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, শুধু সাংবাদিক নয়, যেকোনো নাগরিকের ক্ষেত্রেই এমন কোনো ঘটনা ঘটলে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com