রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিম তীরের এক গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অগ্নিসংযোগের ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে মন্তব্য করেছেন ইসরাইলের বিরোধী রাজনৈতিক নেতা গাদি আইজেনকোট। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছেন।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) রাতভর পশ্চিম তীরের দেইর আল-সুদান গ্রামে বেশ কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন ধরিয়ে দেয় বসতি স্থাপনকারীরা। এ ছাড়া কাছাকাছি দেইর আবু মাশাল ও কাফর মালিক গ্রামেও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ওই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়াশার চেয়ারম্যান আইজেনকোট বলেন, চরমপন্থী গোষ্ঠীগুলোর গাড়ি ও বাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। মানুষের জীবন বিপন্ন করছে এবং ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্কের গুরুতর ক্ষতি করছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতি অনিবার্য নয়। বরং এটি সরকারের ভুল নেতৃত্বের পরিণতি। এ জন্য ইসরাইলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকে দায়ী করেন তিনি।

আইজেনকোটের অভিযোগ, তাদের কর্মকাণ্ড পশ্চিম তীরকে নিয়ন্ত্রণহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

সহিংসতা বন্ধে অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক আটক এবং ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইজেনকোট।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com