বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Logo
×

ফেনীতে আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে অবস্থিত তার বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত সোনাপুর গ্রামে সাবেক এই সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করে ঘরে এবং ঘরের সামনে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাড়ির আসবাবপত্র পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাড়িতে ঘটনার সময় তার ভগ্নিপতি রফিকুল ইসলাম ছাড়া কেউ ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

​এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এছাড়া সম্প্রতি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com