প্রথম সমাচার ডেস্ক:
রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনায় ইতিহাসের মুখোমুখি মিয়ানমার। ২০১৭ সালে রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের পর দেশটির বিরুদ্ধে করা গণহত্যার মামলায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দিতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
গাম্বিয়ার করা এ মামলায় মিয়ানমারকে গণহত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে। আদালত গাম্বিয়ার পক্ষে রায় দিলে আন্তর্জাতিক আইনের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হতে পারে। রোহিঙ্গাদের কাছে এ রায় তাদের দীর্ঘদিনের দুর্ভোগের স্বীকৃতি পাওয়ার বড় উপলক্ষ। তবে রায় যাই হোক, তাদের নিরাপদে নিজ ভূমিতে ফেরার পথ এখনো কঠিন।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞের ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় বৃহস্পতিবার রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মামলাটি করেছিল। এ মামলায় আদালতের রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে নতুন নজির তৈরি করতে পারে।১৯৪৮ সালে নাৎসি বাহিনীর হলোকাস্টের পর গণহত্যা সনদ স্বাক্ষরিত হয়। এরপর রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়ার মতো বিভিন্ন সংঘাতের ঘটনায় গণহত্যার দায়ে বহু ব্যক্তির বিচার ও সাজা হয়েছে। তবে কোনো আন্তর্জাতিক আদালত এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেনি।
মিয়ানমারের বিরুদ্ধে মামলাটির নেতৃত্ব দেয়া আইনজীবী আরসালান সুলেমান বলেন, গাম্বিয়া মামলায় জয়ী হলে তা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায়। তার ভাষায়, ‘এ রায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং কোনো রাষ্ট্রের সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইনে জবাবদিহির ধারণাকে নতুন করে শক্তিশালী করবে।’ ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গাদের ব্যাপকভাবে বিতাড়নের ঘটনা ছিল নজিরবিহীন নির্মম এক সামরিক অভিযান। ওই সময় রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম পরিকল্পিতভাবে জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটে। একই সঙ্গে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসা কয়েক লাখ মানুষের ভয়াবহ দুর্ভোগও যেন বাস্তব।
মিয়ানমারের সেনাদের হাতে হত্যা, নির্যাতন ও গণধর্ষণের শিকার হওয়ার যে বর্ণনা রোহিঙ্গারা দিয়েছেন, তা মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী মিশন বিস্তারিতভাবে নথিবদ্ধ করেছে।
তবে রাখাইন জনগোষ্ঠীর মধ্যে মুসলিম জনগোষ্ঠীর প্রতি বিদ্বেষের পাশাপাশি মিয়ানমার সরকারের হাতে রোহিঙ্গাদের অবশিষ্ট গ্রামগুলো পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার ঘটনার পরও জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের সামনে মূল প্রশ্ন হলো, এসব ঘটনা গণহত্যার পর্যায়ে পড়ে কি না।
১৯৪৫ সালে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে আইসিজে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধের বিচার করার জন্য আদালতটি গঠন করা হয়নি। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনায় বিচার চাওয়ার অন্য পথ খুব বেশি না থাকায় এ আদালতকেই বেছে নেয়া হয়। মিয়ানমার কর্তৃপক্ষ জাতিগত নিধন বা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিতেই তারা তথাকথিত সামরিক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়েছিল।
জাতিসংঘের ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান প্রকৃত নিরাপত্তা হুমকির তুলনায় ‘চরম অসামঞ্জস্যপূর্ণ’ ছিল। এতে আরও বলা হয়, রাখাইন প্রদেশে গণহত্যা এবং দেশের অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের আওতায় আনা উচিত।

উনি (শেখ হাসিনা) নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ
আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে যাচ্ছেন জামায়াত আমির
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর