রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
Logo
×

‘বড় ছেলে’ দেখে ৯ বছর পরও কাঁদছেন দর্শক

প্রথম সমাচার ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
বাংলা নাটকের ইতিহাসে অন্যতম আলোচিত নাম ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ানের নির্মাণে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত নাটকটি মুক্তির পরই দর্শকের মনে গভীর দাগ কাটে।
ইউটিউব ভিউয়ের রেকর্ড গড়ার পাশাপাশি গল্প ও অভিনয়ের আবেগে কাঁদিয়েছিল অসংখ্য দর্শককে। দেখতে দেখতে সেই নাটক পেরিয়ে গেল নয় বছর। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘বড় ছেলে’ এবার নয় বছর পূর্ণ করেছে। বিশেষ এই দিনে নাটকটির স্মৃতিচারণা করে দর্শকদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
নিজের ফেসবুক পেজে ‘বড় ছেলে’র শেষ দৃশ্যের দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন অপূর্ব। ছবিতে তাঁকে ও মেহজাবীনকে দেখা যায় বিচ্ছেদের যন্ত্রণায় কাঁদতে।
সেই ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘৫ সেপ্টেম্বর, ২০১৭ সালে রিলিজ পেয়েছিল ‘বড় ছেলে’। দেখতে দেখতে আজ এই টেলিফিল্মের ৯ বছর পূর্ণ হলো।এরপর দর্শকদের উদ্দেশে প্রশ্ন রেখে অপূর্ব লেখেন, ‘এই ৯ বছরে নাটকটি কতবার দেখেছেন?’
অভিনেতার এই প্রশ্নের পরই মন্তব্যের ঘরে নেমে আসে দর্শকদের আবেগ। কেউ জানিয়েছেন, অসংখ্যবার দেখেছেন নাটকটি। কেউ আবার শতাধিকবার দেখার কথাও জানিয়েছেন।
অনেকের মন্তব্যে উঠে এসেছে, ‘বড় ছেলে’ দেখার পরই বাংলা নাটকের প্রতি নতুন করে ভালোবাসা তৈরি হয়েছিল তাঁদের। মুক্তির নয় বছর পরও দর্শকের কাছে নাটকটির আবেদন যে একটুও কমেনি, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়াতেই তার প্রমাণ মেলে।
সময় পেরিয়ে গেলেও ‘বড় ছেলে’র গল্প, চরিত্র ও আবেগ এখনো দর্শককে স্পর্শ করে। এদিন নির্মাতা মিজানুর রহমান আরিয়ানও দর্শকদের উদ্দেশ্যে ভালোবাসা জানিয়েছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘বড় ছেলে’র ৯ বছর, “নেটওয়ার্কার বাইরে”-র ৫ বছর, “ব্যাচ ২৭”-এর ৯ বছর, “বুকের বা পাশে”-র ৮ বছর। তবু এই কাজগুলো আজও আপনাদের হৃদয়ে বেঁচে আছে। আমি সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আপনারা আজও এত ভালোবাসা দিয়ে কাজগুলোকে স্মরণ করেন।
বর্তমানে ইউটিউবে ‘বড় ছেলে’ নাটকটির ভিউ ছাড়িয়েছে ৫ কোটি ৮০ লাখেরও বেশি। অপূর্ব ও মেহজাবীন ছাড়াও এতে অভিনয় করেছেন খালেকুজ্জামান, শেলী আহসানসহ আরো অনেকে।
বাংলা নাটকের যে কয়েকটি সময়ের সীমানা পেরিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে, ‘বড় ছেলে’ নিঃসন্দেহে তার অন্যতম উদাহরণ। নয় বছর পরও সেই গল্পের আবেগে দর্শকের চোখ ভিজে ওঠাই যেন তার সবচেয়ে বড় প্রাপ্তি।
শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...