প্রথম সমাচার ডেস্ক:
বরিশাল নগরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় ও সরকারি বিএম কলেজের সামনে পৃথক দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন।
বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজনের তৎপরতায় দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে একদল লোক নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের নৈশপ্রহরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভবনটির নিচতলায় গ্রামীণ ব্যাংকের এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।
একই সময়ে নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনে সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ৭-৮ জনের একটি দল। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারাও পালিয়ে যায়।
গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম বলেন, আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন জানান, গ্রামীণ ব্যাংকের ভবনে আগুন দেওয়ার চেষ্টার বিষয়ে তারা অবগত নন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো কর্মী ঘটনাস্থলে যাননি।

আওয়ামী লীগ নেতা মুক্তকে গ্রেপ্তার
বিএনপির এমপি বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর সঠিক নয়
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: নারী বিবেচনায় রিমি মুক্ত, জামিন মেলেনি আয়াসের