প্রথম সমাচার ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরটি সম্পূর্ণ গুজব ও অপপ্রচার বলে জানিয়েছে দলটি। তবে অসুস্থতার কারণে দলের আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক পদত্যাগ করেছেন।
বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আজ বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন বলে যে খবর ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি দুষ্ট চক্রের অপপ্রচার। তিনি গত প্রায় এক মাস রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর এভারকেয়ার হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। চিকিৎসকদের পরামর্শে আজ সকালে তিনি সেখানে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই বার্তায় আরও জানানো হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য ড. ওসমান ফারুক এবং তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত শারীরিক অসুস্থতার কারণেই ড. ওসমান ফারুক দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে উল্লেখ করে বার্তায় দলের নেতা-কর্মী ও দেশবাসীকে এ ধরনের কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রামে নিজ বাসা থেকে আ.লীগের সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার
লিড পেল দক্ষিণ আফ্রিকা
সাবেক মেয়র জাহাঙ্গীরের বাড়ির সামনে পুলিশের গাড়িতে আগুন