আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আবারও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছেন। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বসিত সমর্থনের কথা স্মরণ করেন তিনি।
রোববার (বাংলাদেশ সময়) ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্টিনেজ। ম্যাচটিতে জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসির গোলে জয় পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচ-পরবর্তী মিক্সড জোনে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্টিনেজ বলেন, “আমি বাংলাদেশে গিয়েছিলাম। সত্যিই দেশটিকে ভালোবাসি।”
বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি আরও বলেন, “আমি জানি তারা আমাদের কতটা ভালোবাসে। বাংলাদেশ সফরে গিয়ে সেটা খুব কাছ থেকে দেখেছি। তাদের সমর্থন অসাধারণ। তারা যেভাবে আর্জেন্টিনাকে ভালোবাসে, তা আমার খুবই ভালো লাগে। বাংলাদেশের মানুষের জন্য আমার অনেক ভালোবাসা রইল।”
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ সফরে এসে অভূতপূর্ব সংবর্ধনা পেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। সেই সফরের স্মৃতি এখনও তার কাছে বিশেষ হয়ে আছে, যা তিনি বিভিন্ন সময় সাক্ষাৎকারে স্মরণ করেন।
