বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দাপুটে পারফরম্যান্সে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেছে। ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।
ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে জিওভানি লো সেলসো গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে লাওতারো মার্তিনেজ বিশ্বকাপে নিজের প্রথম গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও একটি গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ৫৫তম মিনিটে এহসান হাদ্দাদের নিচু ক্রস থেকে মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমান। এই গোলের মধ্য দিয়েই চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।
গোল হজমের পাঁচ মিনিট পর, ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। মাঠে নেমেই আক্রমণে নতুন গতি এনে দেন তিনি। ম্যাচের ৮০তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হলে ফ্রি-কিক থেকে দারুণ বাঁকানো শটে বল জালে জড়িয়ে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
এই গোলটি ছিল চলতি বিশ্বকাপে মেসির ষষ্ঠ এবং বিশ্বকাপ ইতিহাসে তার ১৯তম গোল। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে টানা সাতটি ম্যাচে গোল করে নতুন এক অনন্য রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডান তিন ম্যাচেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
