সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×
কোনিয়ায় OIC Youth Capital উদ্বোধনে অংশগ্রহণ, তুরস্কের সঙ্গে MoU স্বাক্ষর এবং প্রবাসী বাংলাদেশিদের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা

বাংলাদেশ–তুরস্ক সম্পর্কের নতুন দিগন্ত: ক্রীড়া কূটনীতি ও যুব উন্নয়নে বড় অগ্রগতি

মুহাম্মদ তানভীর ১৩ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন

তুরষ্ক সফরকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক, ক্রীড়া কূটনীতি, যুব উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।

সফরের অংশ হিসেবে তিনি তুরষ্কের কোনিয়ায় আয়োজিত Konya OIC Youth Capital 2026-এর গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে অংশ নেন। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি বৈশ্বিক যুব নেতৃত্বের ক্ষেত্রে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

এছাড়া বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং তুরস্কের পক্ষে স্বাক্ষর করেন দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক। এই সমঝোতা যুব উন্নয়ন, ক্রীড়া বিনিময়, আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্রীড়া ব্যবস্থাপনার আধুনিকায়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সফরকালে প্রতিমন্ত্রী তুরষ্কের প্রেসিডেন্সিয়াল বোর্ড অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর সদস্য ও বিশিষ্ট যুব নেতৃত্ব ব্যক্তিত্ব বিলাল এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক, শিক্ষা, যুব উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এই ছাড়া সফরকালে নর্দার্ন সাইপ্রাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে একান্ত ভাবে আলাপ হয়। এ সময় উপস্থিত ছিলেন নর্দার্ন সাইপ্রাস বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইমাম হোসেন।

সাক্ষাতে ইমাম হোসেন নর্দার্ন সাইপ্রাসে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা, প্রবাসীদের বাস্তব চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সম্ভাবনার বিষয়গুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। জবাবে প্রতিমন্ত্রী প্রবাসীদের সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং প্রয়োজন হলে নিজ মন্ত্রণালয়ের বাইরে গিয়েও সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে চাইলে তিনি বিনয়ের সঙ্গে জানান যে তিনি সাধারণত ফুল গ্রহণ করেন না। এ সময় তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করাই সরকারের মূল লক্ষ্য এবং সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করছে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং জটিল সমস্যাগুলোর দ্রুত সমাধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

আলোচনায় বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক উন্নয়ন, ক্রীড়া অঙ্গনে যৌথ উদ্যোগ বৃদ্ধি এবং তরুণদের জন্য নতুন আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। খুব শীগ্রই এ বিষয়ে একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

 

মুহাম্মদ তানভীর

সহকারী গবেষক, ইবনে হালদুন ইউনিভার্সিটি, তুরস্ক।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...