বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

মায়ের পুরোনো শাড়ির প্রতি কেন এত আবেগ, এর পেছনে রয়েছে ভিন্ন কারণ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আলমারি থেকে মায়ের পুরোনো শাড়ি বের করে পরেননি এমন মেয়ে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। ছোটবেলা থেকেই মায়ের শাড়ির প্রতি মেয়েদের একটা অন্যরকম আবেগ কাজ করে। শুরুটা হয় আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি পেঁচানো থেকে, তারপর ভাবি- বড় হলে রোজ একটা করে শাড়ি পরব।

বিষয়টিকে সাধারণ মনে হলেও এর সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি ও আবেগ। মনোবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, মায়ের পুরোনো শাড়ির প্রতি এই ভালোবাসা শুধু সৌন্দর্য বা ফ্যাশনের কারণে না। এর পেছনে শৈশবের স্মৃতি ও মায়ের সঙ্গে গভীর মানসিক সম্পর্কও জড়িয়ে থাকে।

ছোটবেলায় অনেক মেয়ে মাকে শাড়ি পরতে দেখেই বড় হন। মায়ের শাড়ির আঁচল ধরে হাঁটা, ভিড়ের মধ্যে আঁচল আঁকড়ে থাকা বা মায়ের শাড়ির আড়ালে লুকানোর মতো ছোট ছোট স্মৃতি মনে গেঁথে থাকে।

বড় হওয়ার পর মায়ের পুরোনো শাড়ি পরলে সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে। শৈশবের পরিচিত দিনগুলো যেন ফিরে আসে। মনোবিজ্ঞানের ভাষায়, অতীতের এমন আবেগময় স্মৃতির প্রতি টানকে নস্টালজিয়া বলা হয়।

পুরোনো কাপড়ের পরিচিত গন্ধ অনেক সময় অতীতের বিশেষ মুহূর্ত মনে করিয়ে দেয়। সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, কোনো পরিচিত গন্ধ থেকে তৈরি হওয়া স্মৃতির সঙ্গে ইতিবাচক আবেগের সম্পর্ক থাকে।

মায়ের আলমারিতে দীর্ঘদিন যত্ন করে রাখা শাড়িতে পরিচিত গন্ধ পাওয়া যায়। সেই গন্ধ মায়ের কথা, তার সঙ্গে কাটানো সময় বা শৈশবের কোনো বিশেষ মুহূর্ত মনে করিয়ে দিতে পারে।

মায়ের শাড়ির আঁচল অনেকের কাছেই নিরাপত্তা ও ভরসার প্রতীক। ছোটবেলায় মায়ের আঁচল ধরে থাকার অভিজ্ঞতা বড় হওয়ার পরও মনে থেকে যায়।

এ কারণে মায়ের পুরোনো শাড়ি পরলে অনেক মেয়েরা মায়ের কাছাকাছি থাকার অনুভূতি পান। বিশেষ করে মা দূরে থাকলে বা তাকে হারানোর পর তার ব্যবহৃত পোশাক আরও বেশি আবেগের কারণ হয়ে উঠতে পারে।

মায়ের প্রতিটি শাড়ির সঙ্গে জড়িয়ে থাকতে পারে জীবনের কোনো বিশেষ ঘটনা। কোনো শাড়ি হয়তো তিনি বিয়েতে পরেছিলেন, কোনোটি বিশেষ অনুষ্ঠানে, আবার কোনোটি তার খুব প্রিয় ছিল।

গবেষণায় দেখা গেছে, পরিবারের কাছ থেকে পাওয়া পুরোনো কাপড়ের সঙ্গে মানুষের আবেগের সম্পর্ক তৈরি হয়। এসব পোশাক পুরোনো স্মৃতি ও পরিচয়ের অংশ হয়ে ওঠে।

তাই মায়ের পুরোনো শাড়ি মেয়েদের কাছে সাধারণ পোশাকের চেয়েও অনেক বেশি মূল্যবান।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com