বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

বকাঝকা না করে শিশুর রিলস দেখা কমাবেন যেভাবে

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

এখনকার বাচ্চারা বিকেল হলে মাঠে খেলতে যাওয়ার চেয়ে স্মার্টফোনে মুখ গুঁজে থাকতেই বেশি পছন্দ করে। অনেক শিশু হাতে স্মার্টফোন না দিলে তো খেতেও চায় না। কিছু বাবা-মায়েরা শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব দিয়ে দেখেন না। কিন্তু সেখান থেকে তৈরি হতে পারে ভয়াবহ রিলস আসক্তি।

একটি ভিডিও শেষ হওয়ার পরই আরেকটি ভিডিও আসতে থাকে। এ কারণে তারাও দীর্ঘ সময় স্ক্রিনে আটকে থাকে। এতে পড়াশোনা, ঘুম ও মনোযোগে প্রভাব পড়তে পারে। রিলস আসক্তি কমাতে শিশুদের সঙ্গে রাগারাগি করেও কোনো লাভ হয় না। এতে জেদ আরও বেড়ে যেতে পারে।

স্মার্টফোনের কয়েকটি সেটিংস পরিবর্তনের মাধ্যমে এই অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারবেন।

অ্যান্ড্রয়েড ফোনে Google Family Link অথবা Digital Wellbeing ব্যবহার করে ইউটিউবসহ বিভিন্ন অ্যাপের দৈনিক সময়সীমা নির্ধারণ করা যায়। আইফোনে Settings থেকে Screen Time ও App Limits ব্যবহার করে একই কাজ করতে পারবেন।

এতে নির্দিষ্ট সময় পর অ্যাপে ঢুকতে বাধা দেয়।

ইউটিউবে একটি ভিডিও শেষ হওয়ার পরই পরের ভিডিও চালু হওয়া বন্ধ করতে অটো-প্লে অপশনটি বন্ধ রাখুন। এতে শিশুর সামনে একের পর এক ভিডিও আসবে না। ভিডিও দেখার উৎসাহ কম পাবে।

সাধারণ ইউটিউবের পরিবর্তে ‘ইউটিউব কিডস’ ব্যবহার করুন। এখানে শিশুর বয়স অনুযায়ী ভিডিও নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজন হলে সার্চ অপশন বন্ধ রাখারও সুবিধা আছে।

ইউটিউবের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে রেসট্রিকটেড মোড চালু করুন। এতে অনুপযুক্ত ও সহিংস কিছু কনটেন্ট নিয়ন্ত্রণ করা যায়। তবে এটি সব অনুপযুক্ত ভিডিও আটকাতে পারে না।

ইউটিউবের টাইম ম্যানেজমেন্ট অপশন থেকে ‘শর্টস ফিড লিমিট’ নির্ধারণ করা যায়। এর মাধ্যমে শিশু কতক্ষণ শর্টস দেখবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

ফোন ব্যবহার একবারে বন্ধ না করে ধীরে ধীরে কমান। হঠাৎ ফোন কেড়ে নিলে শিশুর জেদ আরও বেড়ে যেতে পারে। ফোনের পাশাপাশি ছবি আঁকা, গল্পের বই পড়া, খেলাধুলা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিন।

খাবার খাওয়ার সময় ও ঘুমানোর আগে শিশুকে একেবারেই ফোন দেবেন না। পরিবারের বড়দেরও একই নিয়ম মেনে চলা উচিত। বড়দের দেখেই বাচ্চারা অনেক কিছু শেখে।

পরিবারের সবাই একসঙ্গে খেতে বসুন। খাওয়ার সময়টাকে আনন্দময় করে তুলুন। এছাড়া ঘুমানোর আগে বাচ্চাকে গল্প শোনাতে পারেন। এটা শিশুর স্ক্রিনটাইম কমাতে সাহায্য করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, তিন থেকে চার বছর বয়সী শিশুদের বিনোদনমূলক স্ক্রিন টাইম দিনে এক ঘণ্টার বেশি হওয়া উচিত না। যত কম রাখা যায়, তত ভালো।

শুধু ফোনের সেটিংস পরিবর্তন করলেই শিশুর অভ্যাস বদলাবে না। এর পাশাপাশি তাকে খেলাধুলা, বই পড়া ও সৃজনশীল কাজে আগ্রহী করে তুলতে হবে। বাবা-মায়েদেরও অনেক বেশি সচেতন হতে হবে এবং বাচ্চাকে সময় দিতে হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com