প্রথম সমাচার ডেস্ক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট অনলাইন পদ্ধতিতে বরাদ্দ দেওয়া হবে। আগ্রহীরা ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এ লক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর ১৯ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে সই করেছেন আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত যোগ্যতা ও প্রাধিকার অনুযায়ী বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। আবেদন করতে হবে www.bashaonline.com ওয়েবসাইটের মাধ্যমে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা, তাদের জন্য এফ শ্রেণির বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। এসব বাসার মধ্যে আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনের ফ্ল্যাট রয়েছে।
এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা, তাদের জন্য ই-শ্রেণির বাসা বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। শাহাজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায় এসব বাসা রয়েছে।
এ ক্ষেত্রে ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ই-শ্রেণির ন্যূনতম প্রাপ্যতার ওপর ভাড়া কর্তনের শর্তে আবেদনের সুযোগ রাখা হয়েছে।
এদিকে সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য ডি-১ শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।
অন্যদিকে অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দে ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তাদের জন্য পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউজ (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলে বিভিন্ন আকারের বাসা বরাদ্দ দেওয়া হবে।
এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউজ রোড এলাকায় পূর্ণ বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আবাসন সুবিধা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেড, ডি শ্রেণির জন্য ১০ম থেকে ১২তম গ্রেড এবং বি শ্রেণির জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের শর্তে বলা হয়েছে, বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসরণ করতে হবে। কেউ জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী তথ্য দিলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
প্রতিটি বিজ্ঞপ্তির কার্যক্রম সম্পন্ন করার পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের পূর্ব পর্যন্ত অনলাইন পদ্ধতিতে প্রাপ্ত জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী ‘অপেক্ষমাণ তালিকা’ সংরক্ষণ করা হবে। পূর্বের বিজ্ঞপ্তিতে বরাদ্দপ্রাপ্ত কোনো কর্মকর্তা বাসার দখলভার গ্রহণ না করলে কিংবা পরবর্তী বিজ্ঞপ্তিতে নতুন বাসা বরাদ্দপ্রাপ্ত হলে এবং আগের বাসাটি ছেড়ে দেবেন মর্মে অবহিত করলে আগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রাপ্ত জ্যেষ্ঠতা অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে উক্ত বাসাটি বরাদ্দ দেওয়া হবে।
কোনো কর্মকর্তা বা কর্মচারী পরপর দুই বার বাসা বরাদ্দ পাওয়ার পরও দখলভার গ্রহণ না করলে তিনি পরবর্তী ছয়টি অনলাইন বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের আবেদন দাখিলের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
এ ছাড়া ১ম বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের সুপারিশপ্রাপ্ত কোনো কর্মচারী দ্বিতীয় বিজ্ঞপ্তিতে কোনো বাসা বরাদ্দ না পেলে তৃতীয় বিজ্ঞপ্তি প্রকাশের আগে প্রথম বিজ্ঞপ্তিতে প্রাপ্ত বাসার দখল গ্রহণ না করলে বরাদ্দ বাতিল হবে।
সূত্র: মূল প্রতিবেদন
