প্রথম সমাচার ডেস্ক:
সুন্দরবন থেকে বাঘ শ্যামনগরের লোকালয়ে ঢুকতে পারলেও শেখ হাসিনা কখনও সীমান্ত দিয়ে অবৈধভাবে এ দেশে প্রবেশ করতে পারবে না বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। গতকাল রোববার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্যামনগর উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মো. মনিরুজ্জামান আরও বলেন, ‘ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ হাজার হাজার নেতাকর্মীক গুমের মাস্টারমাইন্ড হাসিনার ঠাঁই বাংলার মাটিতে হবে না। প্রায় ১৪০০ ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে মেরে গণবিস্ফোরণের মুখে পালিয়ে গেলেও দেশে ফেরার নামে এখন তিনি অরাজকতা সৃষ্টিতে উস্কানি দিচ্ছেন।’ তবে বিএনপির কর্মীরা সজাগ থাকলে পতিত স্বৈরশাসক হাসিনা ও তার দোসররা কখনও আর এ দেশে ফিরবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ড. মো. মনিরুজ্জামান বলেন, দেশে ফেরার নামে শান্ত দেশকে অশান্ত করে তিনি (শেখ হাসিনা) তার উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাধারণ মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে। ভারতের মতো আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশ আর কখনও কোনোভাবেই মাথা নত করবে না।
উপজেলা বিএনপির সভাপতি সোলায়মান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক ডাকসু নেতা অধ্যাপক আবু সাঈদ, আশেক-এ এলাহী মুন্না, শেখ লিয়াকত আলী বাবু প্রমুখ। এর আগে মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।
সূত্র: মূল প্রতিবেদন
