সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
Logo
×

ভারতীয় মন্ত্রীদের হুমকিতে সরকারের নীরবতা উদ্বেগের: গোলাম পরওয়ার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের নেতারা বাংলাদেশ দখলের যে হুমকি দিচ্ছেন, তা নিয়ে সরকারের নীরবতাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। রোববার জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিন সংহতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত এই সভার আয়োজন করে।

গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের চেয়ে দলটির প্রতি প্রতিবেশী রাষ্ট্রের মন্ত্রীদের বেশি প্রেম দেখা যায়। তারা বাংলাদেশ দখল করার হুমকি দিচ্ছে, অথচ আমাদের সরকার এখন পর্যন্ত তাদের হাইকমিশনারকে ডেকে জোরালো কোনো পদক্ষেপ নিতে পারেনি।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি সমর্থনের কারণে জামায়াতকে টার্গেট করা হয়েছে। জায়নবাদী গোষ্ঠী জামায়াত আমির শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে বিতর্কিত করার চেষ্টা করেছে। ফিলিস্তিনের জনগণের পক্ষে অবস্থান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করায় এই চেষ্টা করা হয়েছে। ইহুদিদের হত্যাকারী আখ্যা দিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বাংলাদেশের সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে অনেকেই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের জনগণের অবস্থান স্পষ্ট করেছেন। আগামীতেও বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফিলিস্তিনিদের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, আর বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত কমপক্ষে তিনটি গণহত্যা চালিয়েছে।

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে অভিযোগ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগুন-সন্ত্রাস নিয়ন্ত্রণে লাঠি হাতে রাস্তায় দাঁড়ানো কোনো রাজনৈতিক দলের দায়িত্ব নয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব। তবে সরকার চাইলে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসিরসহ জামায়াত নেতারা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com