প্রথম সমাচার ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির একটি আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হামলায় বিএনপির দুই কর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
রোববার (২৯ নভেম্বর) রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ, স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া খালপাড়া গ্রামে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা বাবর আলী, রাজন ও রাজিবসহ কয়েকজন কার্যালয়ে হামলা চালান। আওয়ামী লীগের এক নেতার নির্দেশে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি তাদের।
এ ঘটনায় বিএনপির দুই কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল মোল্লা বলেন, আমাদের ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ইউনিয়ন বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। বিস্তারিত এখনো জানি না, পরে জেনে জানাব। এ ঘটনায় আটক ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
সূত্র: মূল প্রতিবেদন

ফিলিস্তিন মুসলিম উম্মাহর ঈমান ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত: জামায়াত আমির