প্রথম সমাচার ডেস্ক:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উদার মানসিকতার অধিকারী ছিলেন। যে কেউ সহজেই তাঁর কাছে আসতে পারতেন। তিনি ছিলেন অত্যন্ত সহজলভ্য। ছোট-বড়, আবাল-বৃদ্ধ-বনিতা সবাই তাঁর সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করত, ভয় পেত না।
এ কারণেই সিরাতের পরতে পরতে দেখা যায়, নবীজিকে (সা.) শিশু এসে প্রশ্ন করছে, নারী এসে প্রশ্ন করছে, বৃদ্ধ এসে প্রশ্ন করছে, বন্ধু এসে প্রশ্ন করছে, শত্রু এসে কথাবার্তা বলছে; সবাই এসে তাঁর সাথে কথা বলতে পারত। তিনি সবাইকে সাদরে গ্রহণ করতেন।
ছোট্ট একটি উদাহরণ দিই; ‘আস-সিরাতুল হালাবিয়া’ নামে বিখ্যাত সিরাতগ্রন্থ থেকে নেওয়া একটি ঘটনা।
বদরের যুদ্ধে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বদরের প্রান্তরে সেনাশিবির স্থাপন করলেন। হুবাব ইবনুল মুনজির (রা.) ছিলেন এক সাহাবি। তিনি বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ, এই যে সেনাশিবির এখানে স্থাপন করলেন, এটি কি আপনার নিজের মতামতে, নাকি আল্লাহর আদেশে?’
কোনো সাধারণ সৈনিক কি সেনাপতিকে এই প্রশ্ন করতে পারে? করলে কি চাকরি থাকবে? কিন্তু রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে সাহস নিয়ে হুবাব ইবনুল মুনজির বললেন, ‘ইয়া রাসুলুল্লাহ, এই যে সেনাশিবির স্থাপন করলেন, এটি কি আপনার মতামতে, নাকি এটি ওহি?’
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘না, এটি ওহি নয়; বরং এটি আমার মতামত ও যুদ্ধকৌশল।’
তখন তিনি বললেন, সঠিক জায়গায় সেনাশিবির স্থাপন হয়নি; আপনি অভয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাই? আমি যেটা করেছি সেটা ঠিক হয়নি? তাহলে কোনটা ঠিক, বলো।
তিনি বললেন, ওই যে বদরে একটি কূপ আছে, যেখানে পানির ব্যবস্থা আছে, সেটির সামনে প্রতিবন্ধকতা তৈরি করে আমাদের শিবির স্থাপন করতে হবে; তাহলে আমরা বদরের কূপ থেকে পানি পান করতে পারব আর কাফেররা যুদ্ধে তো মরবেই, পানির অভাবেও মরবে।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘আরে তাই তো! তুমি তো ঠিক বলেছ। এভাবে তো আমি ভেবে দেখিনি।’ এরপর তিনি ঘোষণা করে দিলেন যে, ‘সেনাশিবির এখানে নয়; তিনি যে জায়গার কথা বলছেন, ওই জায়গায় গিয়ে শিবির স্থাপন করো।’
আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না। অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ, দুর্দান্ত সব ধারণা চলে আসতে পারে। সব সময় তা উপেক্ষা করবেন না। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এটিকে উপেক্ষা না করে গ্রহণ করেছিলেন।
খন্দক যুদ্ধের কথা যদি দেখি, পরিখা খননের পরামর্শ কে দিয়েছিলেন? সালমান আল-ফারসি (রা.)। তাঁর বাড়ি কোথায়? ইরান। মূলত তিনি ছিলেন পারস্যের মানুষ। দেখুন, তিনি যখন বললেন যে, মুশরিকদের ঠেকাতে পরিখা খনন একটা ভালো কৌশল হতে পারে। তখন নবীজি (সা.) পরিখা খননের সিদ্ধান্ত নিলেন। ৫.৫ কিলোমিটার পরিখা খনন করে ফেললেন—৪.৫ মিটার প্রশস্ত এবং ৩.৫ মিটার গভীর। পুরো মদিনার সবাই মিলে এটি করলেন।
এর অর্থ হলো, ‘আমি সব বুঝি, আমি সব জানি’ এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটি সংকীর্ণ মানসিকতার পরিচয় যে আমি যা বলেছি সেটাই চূড়ান্ত, এর পরে আর কোনো কথা নেই। বরং আমার দলের ভেতর থেকে যদি কোনো ভালো মতামত আসে, তবে আমি তা পুনর্বিবেচনা করব। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন এমনই উদার মানসিকতার মানুষ।
সূত্র: মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল ফেসবুক পেজ
সূত্র: মূল প্রতিবেদন
