রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

‘গোপন তথ্য প্রকাশ করে দেব’, বিএনপিতে যোগ দিয়ে জামায়াতকে মমিনের হুমকি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপিতে যোগ দেওয়া জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক নেতা মমিন উদ্দিন জামায়াত নেতাদের উদ্দেশে বলেছেন, ‘তিক্ততা বাড়াবেন না। যদি বাড়ান, তাহলে আপনাদের সব গোপনীয় তথ্য প্রমাণসহ গণমাধ্যমে প্রকাশ করে দেব।’

আজ রোববার সন্ধ্যায় উপজেলার চরপার্বতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বসে ফেসবুক লাইভে এসব কথা বলেন তিনি। মমিন উদ্দিন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।

বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির কাজী নজরুল ইসলাম গতকাল বলেন, ‘মমিন উদ্দিন ৫ আগস্টের পর অবৈধ মাটি ব্যবসাসহ নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর থেকে আমাদের দলের সাথে তার সম্পৃক্ততা নেই।’

ফেসবুক লাইভে মমিন উদ্দিন দাবি করেন, তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন, তাকে বহিষ্কার করা হয়নি। গত জাতীয় নির্বাচনের আগেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলেও দাবি করেন। তার ভাষ্য, বহিষ্কারের কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবেন না।

লাইভে তিনি অভিযোগ করেন, গত জাতীয় নির্বাচনের আগে জামায়াতের বর্তমান আমির কাজী নজরুল ইসলাম একটি খাল খননের ঠিকাদারি কাজ নেন। ওই কাজের তদারকির দায়িত্ব কয়েকজনকে দেওয়া হয়েছিল। তারা রাতের আঁধারে খনন করা মাটি চুরি করে বিক্রি করছিলেন বলে অভিযোগ করেন মমিন। জনতা বাজার এলাকার লোকজনের কাছ থেকে বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দেন বলেও দাবি করেন।

মমিনের ভাষ্য, বিষয়টি জানিয়ে তিনি কাজী নজরুল ইসলামকে ফোন করলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘তাতে তোমার কী আসে যায়?’ পরে জাতীয় নির্বাচনের আগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করেন এবং খাল খননের কাজ বন্ধ করে দেন। জামায়াতের কয়েকজন নেতার অনুরোধে পরে ভিডিওটি মুছে ফেলেন বলেও জানান তিনি।

তিনি বলেন, এসব প্রচারে শুধু তার ব্যক্তিগত সম্মানহানি হচ্ছে না, বিএনপিরও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে না পারলে তিনি ও তার দল মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির কাজী নজরুল ইসলাম বলেন, ‘তার এসব কথা সত্য নয়। তিনি এখন নানা কথা বলবেন। এটাই স্বাভাবিক।’

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মমিন উদ্দিন। তিনি চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ ইয়াসিনের ছেলে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com