প্রথম সমাচার ডেস্ক:
বগুড়ার ধুনটে নাশকতার মামলায় নয়ন ইসলাম (৪৮) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার নয়ন ইসলাম উপজেলার অলোয়া গ্রামের আজিবর শেখের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক দুইটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ২০২৫ সালের ১০ ডিসেম্বর ধুনট থানায় নাশকতার মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নয়ন ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গত শুক্রবার ভোররাতে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

জনগণের নিরাপত্তা দিতে বিএনপি চরমভাবে ব্যর্থ হয়েছে: পাটওয়ারী