প্রথম সমাচার ডেস্ক:
রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে বিশ্ববরেণ্য মুফাসসির ও সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রোববার ওলামায়ে মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আল্লামা সাঈদীর রুহের মাগফিরাত কামনা করেন।
স্মৃতিচারণ করে ভূমিমন্ত্রী বলেন, আজকের এই দিনে আমার বারবার মনে পড়ে প্রিয় বাংলাদেশের মহান সংসদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেবের কথা। যিনি তার সুরেলা কণ্ঠ ও দুঃসাহসী বক্তব্যের মধ্য দিয়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই মাদরাসা মাঠেই তিনি বাঘের মতো গর্জে উঠে বলেছিলেন—‘৫০০ বছর বেঁচে থাকার চেয়ে মাত্র কয়েক ঘণ্টা বেঁচে থাকাই অনেক শ্রেষ্ঠ।’ এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, প্রতিবাদের শিক্ষা। বক্তব্যে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের সহযোদ্ধা ও রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম আতাউর রহমানকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মিজানুর রহমান মিনু বলেন, স্বৈরাচারী জান্তার নির্মম নির্যাতনে তিনি শহীদ হয়েছেন। আমি তার জানাজাতেই প্রথম বলেছিলাম যে আমাদের আতাউর রহমান ভাই শহীদ হয়েছেন।
মাহফিলের প্রধান বক্তা ও বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশের গর্ব ও অহংকার হিসেবে অভিহিত করে ভূমিমন্ত্রী রাজশাহীবাসীর পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানান।
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরো বলেন, আমাদের গণতন্ত্রের মা, আন্দোলন-সংগ্রামের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী সরকারের নির্মম নির্যাতন সহ্য করে যখন আমাদের ছেড়ে চলে যান, তখন তার বিশাল জানাজায় ড. মিজানুর রহমান আজহারী সাহেব নিজ হাতে তার খাটিয়া বহন করেছিলেন। এটি সমগ্র বাংলাদেশের মুসলমানদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় ছিল।
সবশেষে হযরত শাহ মখদুম (রহ.)-এর পুণ্যভূমি ও শান্তির নগরী রাজশাহীর উন্নয়নে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
সূত্র: মূল প্রতিবেদন

জোটে থাকলেও স্থানীয় নির্বাচনে আলাদাভাবে লড়বে জামায়াত-এনসিপি