রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

জোটে থাকলেও স্থানীয় নির্বাচনে আলাদাভাবে লড়বে জামায়াত-এনসিপি

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের সঙ্গে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে ভিন্ন পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ঐকমত্য থাকলেও স্থানীয় নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ১১ দল। এরই ধারাবাহিকতায় এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। শুধু নির্বাচনী মাঠেই নয়, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ১ ডিসেম্বরের সংলাপেও জোটের বাইরে পৃথকভাবে অংশ নিচ্ছে দলটি। এতে ১১-দলীয় ঐক্যের নির্বাচনী কৌশল এবং এনসিপি-জামায়াতের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রথম দিনের সংলাপ শুরু হয়। এদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে আলোচনা করার কথা হয় ইসির। তবে আমন্ত্রিত ১৮টি দলের মধ্যে ১৫টি দল সংলাপে অংশ নেয়। জামায়াতে ইসলামীসহ তিনটি দলের প্রতিনিধি উপস্থিত হননি। জামায়াত জানিয়েছে, পরবর্তী সময়ে ১১-দলীয় ঐক্যের সঙ্গে সংলাপে অংশ নেবে তারা।

সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো- জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

এদিকে ১১-দলীয় জোটের নির্বাচনী কৌশল নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে নানা ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জামায়াতের সূত্রের বরাত দিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদেও (ইউপি) নিজেদের প্রার্থীদের জন্য আসন ভাগাভাগি চায় জামায়াত। তবে এ বিষয়ে ঐকমত্য না হওয়ায় এনসিপির মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সংলাপেও দলটি এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আলোচনা রয়েছে।

এনসিপি ও জামায়াতের মধ্যে আলাদাভাবে নির্বাচন করার বিষয়টি আরো স্পষ্ট হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পৃথকভাবে মেয়র প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে। ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসির উদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এনসিপি।

অন্যদিকে জামায়াতও নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। দলটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমকে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোহাম্মদ সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে- এমন আলোচনা আগে থেকেই বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল। দলটি এরই মধ্যে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নের কাজ শুরু করেছে। কিছু কিছু এলাকায় প্রার্থীদের নামও ঘোষণা করা করেছে। প্রার্থীদের নাম ও ছবি এরই মধ্যে এনসিপি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা শুরু করেছে।

এনসিপি নেতাদের ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি দল নিজ নিজ অবস্থান থেকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত তারাও সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন। ফলে এ নিয়ে জোটের মধ্যে কোনো ধরনের টানাপোড়েনের সুযোগ নেই বলে মনে করছেন তারা।

এ বিষয়ে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বলেন, ১১ দলের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরাও সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। যেহেতু নির্বাচন কমিশন আমাদের আলাদাভাবে ডেকেছে, তাই সংলাপেও আমরা আলাদাভাবে যাচ্ছি।

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে কি না, জানতে চাইলে দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করব। ইসিতেও সেভাবেই যাওয়ার পরিকল্পনা রয়েছে।

১১-দলীয় জোটের সঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের দল হিসেবে ডেকেছে, তাই আমরা দল হিসেবে যাব। জোট হিসেবে ডাকলে জোট হিসেবে যেতে আপত্তি নেই।

একই অবস্থানের কথা জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন। তিনি বলেন, এনসিপি আগেও এককভাবে ইসির বৈঠকে অংশ নিয়েছে, এবারও নেবে। আগামী নির্বাচনেও দলটি এককভাবে অংশগ্রহণ করবে।

অন্যদিকে ১১-দলীয় জোট নির্বাচনে জোটগতভাবে নাকি পৃথক দলীয় ব্যানারে অংশ নেবে- এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্থানীয় নির্বাচন তো দলীয় নির্বাচন নয়। সুতরাং এটি দলীয়ভাবে অনুষ্ঠিত হবে, জোটগতভাবে নয়। শুরু থেকেই আমরা একই অবস্থানে আছি।

তিনি আরো বলেন, স্থানীয় নির্বাচনের জন্য তো জোট হয়নি। জোট হয়েছে জাতীয় নির্বাচন এবং পরবর্তী আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য, স্থানীয় নির্বাচনের জন্য নয়। জোটগতভাবেই সিদ্ধান্ত হয়েছে, স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। এ ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমআই/বার্তা বাজার

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com