প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গ্রীন ভয়েসের সাহিত্য ও মননশীলতা চর্চার প্ল্যাটফর্ম ‘প্রয়াস’-এর উদ্যোগে মাসিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। এবারের পাঠচক্রে আলোচনার জন্য নির্বাচিত বই ছিল বিশ্বসাহিত্যের কালজয়ী লেখক আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত উপন্যাস The Old Man and the Sea (দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি)।
পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম (সুজন আরিফ)। তিনি উপন্যাসটির গভীর জীবনবোধ, মানুষের অদম্য সংগ্রাম, অধ্যবসায় ও সাহিত্যিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাকসুর সেকশন অফিসার শফিউল আলম চৌধুরী।
গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সাহিত্য ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মো. মাজহারুল হক। এ সময় শাখার সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সবার জন্য উন্মুক্ত এ পাঠচক্রে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনায় তাঁরা উপন্যাসটির বিভিন্ন দিক, চরিত্র, জীবনদর্শন ও সাহিত্যিক আবেদন নিয়ে নিজেদের পাঠ-প্রতিক্রিয়া ও মতামত তুলে ধরেন। প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে পাঠচক্রটি শিক্ষার্থীদের সাহিত্যপাঠ ও মননচর্চার পরিসরে পরিণত হয়।
আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত সেরা আলোচকদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। সেরা আলোচক হিসেবে পুরস্কৃত হন মো. মকিম উদ্দিন, মারুফ বিল্লাহ ইমন ও আরিফ মিয়া।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বইপাঠ, সাহিত্যচর্চা, মুক্তচিন্তা ও মননশীল আলোচনার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে গ্রীন ভয়েসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ‘প্রয়াস’ নিয়মিত পাঠচক্রের আয়োজন করে আসছে।
সূত্র: মূল প্রতিবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের চাপে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিত