রোববার, ১৫ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপি ও জামায়াতের বিরোধ কত দূর যাবে

Icon প্রথম সমাচার ডেস্ক

সাবেক দুই মিত্রের বিরোধে ভোট ও ক্ষমতার হিসাবের পাশাপাশি আদর্শিক অবস্থানও গুরুত্বপূর্ণ। বিএনপি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে সামনে এনে উদার ও মধ্যপন্থী পরিচয় প্রতিষ্ঠায় সচেষ্ট।

জামায়াতে ইসলামী ও বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমে তীব্র হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দলের মধ্যে যে রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হয়েছিল, তা এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে এই বিরোধ নতুন মাত্রা পায়। ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও এর প্রতিফলন দেখা গেছে।

নির্বাচনের আগে বিএনপি ও জামায়াত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে ভোটের মাঠে শক্তি বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছিল। বিএনপি সরকার গঠনের পর সেই বিরোধ আরও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের বক্তব্যেও একে অপরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার প্রবণতা স্পষ্ট।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে একসময়ের দুই মিত্রের এই বিরোধের নেপথ্যে কী রাজনৈতিক হিসাব রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, এর পেছনে আদর্শিক বিরোধ, ভোটের প্রতিযোগিতা, ক্ষমতার হিসাব ও রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা—সবই কাজ করছে। বিশেষ করে জামায়াতের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি বিএনপির জন্য কতটা উদ্বেগের কারণ হয়ে উঠছে, সেটিও আলোচনায় রয়েছে।

‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আ.লীগের অনুপস্থিতিতে নতুন প্রতিদ্বন্দ্বিতা

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। অন্যদিকে জামায়াত সংসদে প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়। এতে দুই দলের সম্পর্কের সমীকরণও পাল্টে যায়। আগে বিএনপির সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে থেকে জামায়াত যে রাজনৈতিক সুবিধা পেত, এখন তাকে নিজস্ব শক্তি ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিরোধী দলের ভূমিকা প্রতিষ্ঠা করতে চাচ্ছে।

রুহুল কবির রিজভী, ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি‘তাদের লাগামহীন আচরণের কারণে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হওয়ার উপক্রম হচ্ছে।’

রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াত ভবিষ্যতে বিএনপির ভোটব্যাংকে কতটা ভাগ বসাতে পারে, সেটি বিএনপির জন্য নতুন চ্যালেঞ্জ। দলটির শীর্ষ ও নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের বক্তব্যেও জামায়াতের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ প্রভাবকে গুরুত্ব দেওয়ার প্রবণতা স্পষ্ট। তবে জামায়াতের শক্তি বাড়লেই বিএনপির ভোট কমবে, এমন নয়। দুই দলের ভোটের সামাজিক ভিত্তি, সাংগঠনিক বিস্তার ও রাজনৈতিক অগ্রাধিকার এক নয়। অবশ্য যেসব এলাকায় দুই দলের সমর্থক ও ভোটারের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, সেখানে এক দলের উত্থান অন্য দলের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এবার ‘গুপ্ত’ নিয়ে যা বললেন জামায়াতের আমির

নির্বাচনের মাঠ থেকে সংসদেও বিরোধ

জামায়াতের বিভিন্ন সমালোচনার জবাবে গত ৩০ জানুয়ারি রংপুরে নির্বাচনী সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তোলেন—বিএনপি এতই খারাপ হলে জামায়াত কেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির সঙ্গে সরকারে ছিল? অতীতের জোটের প্রসঙ্গ টেনে তিনি নির্বাচনী প্রচারে জামায়াত নেতাদের সমালোচনার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

নির্বাচনের পর দুই দলের বিরোধ সংসদেও গড়িয়েছে। গত ২৮ জুন জাতীয় সংসদে জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও কৃতিত্ব নিয়ে দুই দলের নেতাদের মধ্যে বিতর্ক হয়। বিএনপি তারেক রহমানের নেতৃত্বের কথা তুলে ধরলে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছিলেন, গণ-অভ্যুত্থানের কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই; এর কৃতিত্ব জনগণ ও তরুণদের।

একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন

শুধু পাল্টাপাল্টি বক্তব্য নয়, জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব, সাংবিধানিক সংস্কারের ভবিষ্যৎ, জুলাই সনদ বাস্তবায়ন, অন্তর্বর্তী সরকার বা প্রধান উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া এবং সংস্কার প্রস্তাব নিয়েও দল দুটির মধ্যে কৌশলগত ও রাজনৈতিক দূরত্ব বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এবং দলটির ভোট ও সাংগঠনিক প্রভাব নিয়েও প্রতিযোগিতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামী‘আমরা যা বলছি সিরিয়াসলি বলছি। ভবিষ্যতে আমরা আরও হার্ডলাইনে যাব।’

সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনায় বিরোধ নতুন মাত্রা পেয়েছে। বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার হলে জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হয়।

সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরেও দুই দলের বিরোধ প্রকাশ্য হয়েছে। গত ২৯ অক্টোবরের ওই নির্বাচনে জামায়াতের প্রার্থীকে হারিয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন নির্বাচিত হন। নির্বাচনের পরদিন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবের বিরুদ্ধে অনিয়মকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলেন। অন্যদিকে নির্বাচন কমিশন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানায়।

‘গুপ্তদের’ আড়ালে স্বৈরাচার অরাজকতা
উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের

বিএনপির উদ্বেগ কোথায়, জামায়াতের লক্ষ্য কী

রাজনৈতিক পর্যবেক্ষণে বিএনপির সম্ভাব্য উদ্বেগ হলো জামায়াত যেন আওয়ামী লীগ–বিরোধী রাজনীতির একমাত্র বা প্রধান বিকল্প শক্তি হয়ে না ওঠে। বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাব ধরে রাখতে চায়। অন্যদিকে জামায়াত সাংগঠনিক শক্তি, ভোটের ফল ও বিরোধী দলের ভূমিকা কাজে লাগিয়ে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্রিয়। সরকারের সিদ্ধান্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও রাজনৈতিক নিয়োগ নিয়ে সমালোচনাও সেই প্রচেষ্টার অংশ।

তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, জামায়াতকে নিয়ে বিএনপির মধ্যে কোনো ধরনের উদ্বেগ নেই। তবে তাদের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক কথাবার্তা নিয়ে অস্বস্তি আছে।

রিজভী বলেন, ‘হ্যাঁ, একসময় তারা (জামায়াত) আমাদের রাজনৈতিক মিত্র ছিল; কিন্তু এখন তারা এমন ভাব দেখাচ্ছে যে তারাই ক্ষমতায় আসত, তাদের আসতে দেওয়া হয়নি। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার; কিন্তু তারা যদি বিভিন্ন বিষয়ে লাগাতারভাবে বানোয়াট অভিযোগ দিয়ে যায়, তাহলে তো আমাদের বলতে হবে তাদের লাগামহীন আচরণের কারণে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হওয়ার উপক্রম হচ্ছে।’

লংমার্চের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

এ প্রসঙ্গে রিজভী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের উদাহরণ টানেন। তিনি বলেন, এত সুন্দর নির্বাচন হলো। সারা দিন কোনো কথা নেই, ভোটের শেষের দিকে এসে নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারা নানা অভিযোগ তুলছে। এতে মনে হচ্ছে, তারা জনমনে বিভ্রান্তি তৈরির কৌশল নিয়েছে।

জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া যায়, বিরোধী দলে থাকলেও একসময়ের মিত্র বিএনপির কাছ থেকে তাঁরা কিছুটা সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করেছিলেন; কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটছে না বলে তাঁদের অভিযোগ; বরং উন্নয়ন বরাদ্দসহ বিভিন্ন ক্ষেত্রে জামায়াতের রাজনৈতিক প্রভাব রয়েছে, এমন এলাকাগুলো বৈষম্যের শিকার হচ্ছে বলে তাঁরা মনে করছেন। জাতীয় সংসদে জামায়াতের সদস্যদের বক্তব্যেও এই অসন্তোষ উঠে এসেছে।

আ.লীগকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বিএনপি ও জামায়াতের বিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১ অক্টোবর এক বক্তৃতায় আওয়ামী লীগ ও জামায়াতকে ইঙ্গিত করে একটি স্বৈরাচারী ও একটি গুপ্ত দল এক হয়েছে বলে মন্তব্য করেন। এর আগে বিভিন্ন বক্তব্যে বিএনপি নেতারা জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের অতীত রাজনৈতিক যোগাযোগ ও সমঝোতার প্রসঙ্গও সামনে এনেছেন।

গত ২০ অক্টোবর রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে জানিয়ে বলেন, পলাতক স্বৈরাচার শ্রমিক অসন্তোষ তৈরিতে অর্থ সরবরাহ করছে। নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করা কয়েকটি দলও এতে যুক্ত হয়েছে।

ওই দিনই রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর জবাব দেন। তিনি বলেন, নিজেদের দলীয়করণ, ব্যর্থতা ও দুর্নীতি ঢাকার জন্য সরকার জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে। বিরোধী দল কখনো ফ্যাসিস্টকে আসার সুযোগ করে দিচ্ছে না; বরং বিরোধী দলের আন্দোলনকে উপেক্ষা করার মধ্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এই পথ দিয়ে তারাই ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ উঠেছে। এসব ঘটনা নিয়ে জামায়াতের প্রকাশ্য প্রতিক্রিয়া তুলনামূলক সীমিত থাকলেও আওয়ামী লীগের তৎপরতা দমনে সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর নিষ্ক্রিয়তা কিংবা সহযোগিতা ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের পক্ষে এ ধরনের তৎপরতা চালানো সম্ভব নয়।

রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের একাংশের মতে, একটি ‘পতিত স্বৈরাচারী দল’ ও একটি ‘গুপ্ত দল’কে ইঙ্গিত করে বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য কার্যত ‘এক ঢিলে দুই পাখি মারার’ রাজনৈতিক কৌশল। এর লক্ষ্য হতে পারে আওয়ামী লীগ ও জামায়াত—দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকেই চাপে রাখা। বিশেষ করে জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতাপ্রবণ শক্তি হিসেবে উপস্থাপন করা গেলে আওয়ামী লীগবিরোধী ভোটারদের কাছে দলটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়।

তবে এই কৌশলের ব্যাখ্যা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে ভিন্নমতও রয়েছে। তাঁদের কারও কারও ধারণা, জামায়াত সম্পর্কে সরকারের উচ্চপর্যায়ের মনোভাব ও অবস্থান থেকে মনে হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চেয়েও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতকে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

একাত্তরের প্রশ্নেও রাজনৈতিক প্রতিযোগিতা

বিএনপি ও জামায়াতের বিরোধের আরেকটি দিক হলো মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা। তবে এই বিরোধের বাইরেও বিএনপি এখন নিজেদের একটি উদার গণতান্ত্রিক ও মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। দলটি একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্যবোধকে ধারণ করে সামনের রাজনীতি এগিয়ে নিতে চাইছে। একসময় জামায়াতের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক জোট এবং একসঙ্গে সরকার পরিচালনার কারণে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে সংশ্লিষ্টতার সমালোচনার মুখে পড়তে হয়েছিল বিএনপিকে।

আওয়ামী লীগ দীর্ঘদিন জামায়াতের রাজনৈতিক বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সামনে এনেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির নেতারাও যখন জামায়াতের ১৯৭১ সালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন সেটির রাজনৈতিক তাৎপর্য রয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে কোনো একটি দলের একক রাজনৈতিক সম্পদ হিসেবে না দেখে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে তুলে ধরতে চাইছে। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক বয়ানের বাইরে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি এবং জামায়াতের বিপরীতে উদার ও মধ্যপন্থী রাজনৈতিক পরিসরে গ্রহণযোগ্যতা সুসংহত করার প্রচেষ্টা রয়েছে বলে মনে করা হচ্ছে।

যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার

এই অবস্থানের প্রতিফলন রয়েছে বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারেও। এতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে।

বিএনপির শীর্ষ নেতৃত্বের বক্তব্যেও এই রাজনৈতিক অবস্থান স্পষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৭ মার্চ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় মুক্তিযুদ্ধকে কোনো দলের একক বিষয় নয়; বরং ‘জনযুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। এর আগে ৫ জানুয়ারি বামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশের ভিত্তি। একাত্তর বাদ দিলে বাংলাদেশের অস্তিত্বই তো থাকে না।’ ওই বৈঠকে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাওয়ার কথা বলেন।

পর্যবেক্ষকেরা মনে করছেন, বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয়তাবাদী অবস্থান সামনে এনে জামায়াতকে তার অতীতের প্রশ্নে জবাবদিহির মুখে রাখতে চায়। জামায়াতের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। দলটি অতীতের বিতর্কের বাইরে এসে একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়।

এ বিষয়ে জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই হয়। একসময় বিএনপির সঙ্গে জামায়াতের জোট ছিল। আবার জামায়াতের সঙ্গে আওয়ামী লীগও সখ্য করেছিল। কোনো রাজনৈতিক দল কাদের সঙ্গে সম্পর্ক রাখবে, সেটি প্রেক্ষাপট ও পরিস্থিতিই বলে দেয়। এটি একটি স্পর্শকাতর বিষয়। তাই এ বিষয়ে এখন কোনো মন্তব্য করা উচিত হবে বলে মনে করি না।’

ক্ষমা না চাওয়াই প্রমাণ করে একাত্তরের আগের ও পরের জামায়াত এক ও অভিন্ন

বিরোধ সাময়িক, নাকি দীর্ঘমেয়াদি

বিএনপি ও জামায়াতের বিরোধের একটি অংশ কৌশলগত বলে মনে করছেন রাজনীতি–সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, সমর্থকদের সক্রিয় রাখা, প্রতিদ্বন্দ্বীর ভোটে ভাগ বসানো ও স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠায় দলগুলো কঠোর বক্তব্য দেয়। অতীতের জোট ও যৌথ আন্দোলন থেকে বর্তমান বিরোধে দুই দলের রাজনৈতিক স্বার্থের পরিবর্তন স্পষ্ট।

স্থানীয় সরকার নির্বাচনে দুই দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের পরীক্ষা হবে; প্রতিযোগিতা মাঠপর্যায়েও বিস্তৃত হতে পারে। বিএনপি জনসমর্থন ধরে রাখতে পারলে জামায়াতের বিকল্প শক্তি হিসেবে বিস্তার কঠিন হতে পারে। অন্যদিকে সরকার জন-অসন্তোষ বাড়ালে জামায়াত সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে। প্রতিযোগিতা কতটা তীব্র হবে, তা নির্ভর করবে সরকারের কর্মকাণ্ড ও দুই দলের সাংগঠনিক সক্ষমতার ওপর।

আবার বিএনপি ও জামায়াতের চলমান বিরোধকে কোনো কোনো মহল সমঝোতাভিত্তিক রাজনৈতিক কৌশল হিসেবে মনে করে বা প্রচার করতে চায়। এ রকম ধারণা সম্পূর্ণ নাকচ করে দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। অতীতে সরকার ও বিরোধী দল—আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মিলেমিশে সরকার পরিচালনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘যদি সমঝোতার ভিত্তিতে (বিএনপি-জামায়াত) সরকার পরিচালিত হতো, তাহলে কৌশল বলা যেত। জাতীয় পার্টি ভোট করেনি, আমরা জোট করে ভোট করেছি, ভোটে সংঘাত হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সংসদের শুরুতেই শপথে ভিন্নতা হয়েছে, সংসদে নানা বিষয়ে বিতর্ক হয়েছে, বিরোধী দল ওয়াকআউট করেছে, এগুলো কি কৌশল? কখনোই না।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিএনপি আওয়ামী লীগ স্টাইলে দেশ চালাচ্ছে, তারা যেখানে যেখানে জনগণের বিরুদ্ধে কাজ করছে, সেখানে আমরা বিরোধিতা করছি, সমালোচনা করছি। আমরা যা বলছি সিরিয়াসলি বলছি। ভবিষ্যতে আমরা আরও হার্ডলাইনে যাব।’

তবে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ মনে করেন, বিএনপি ও জামায়াতের সম্পর্ক সব সময়ই কৌশলগত। তিনি প্রথম আলোকে বলেন, একসময় তারা মিত্র ছিল, যখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল। তখন তাদের মধ্যে রাজনৈতিক কোয়ালিশন ছিল। অর্থাৎ তাদের আগের মিত্রতাও কৌশলগত ছিল; আর এখন যে বিরোধ, সেটি হচ্ছে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা। এটিও রাজনৈতিক কৌশল। এটি আগামী নির্বাচন পর্যন্ত চলতে থাকবে।

সব মিলিয়ে বিএনপি ও জামায়াতের বিরোধ কেবল পাল্টাপাল্টি বক্তব্যে সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে ভোট, ক্ষমতা, আদর্শিক অবস্থান ও রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিযোগিতা। দুই দলের রাজনৈতিক হিসাব ও ভবিষ্যৎ কৌশলই নির্ধারণ করবে এই বিরোধ কতটা গভীর ও দীর্ঘস্থায়ী হবে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com