বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

বিএনপি সরকার হজের বিমানভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বর্তমান সরকার হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে হজের বিমানভাড়া কমিয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেন, দেশের ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে টেলিকনফারেন্সে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

মধুপুর মাদরাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে এবং নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর পরিচালনায় দুই দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

মাহফিলে বয়ান করেন দেওবন্দের মাওলানা মুজ্জাম্মিল, সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল, মাওলানা মুসা আল হাফিজসহ বিশিষ্ট আলেমরা।

ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

মাহফিলে ধর্মমন্ত্রী মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান।

মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com