মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: দুলু

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার (দুলু)। তিনি বলেন, সাময়িক কিছু পটকা ফুটিয়ে বা গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ হবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) বলেন, বিগত সরকারের আমলে টুপি-দাড়িওয়ালা আলেম-ওলামাদের ওপর নানা নির্যাতন চালানো হয়েছে। হুজুর ও মাওলানাদের জঙ্গি তকমা দিয়ে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে এবং নাটক-সিনেমায় নেতিবাচকভাবে উপস্থাপন করে হেয় করার চেষ্টা চলেছে। তবে সব নিপীড়ন উপেক্ষা করে আলেম-ওলামা ও দেশবাসী রাজপথে ছিলেন বলেই ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

বিরোধী দলের চিফ নাহিদ ইসলামের ওপর লন্ডনে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হুইপ দুলু বলেন, আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। সংসদে বা সংসদের বাইরে ভিন্ন ভিন্ন বক্তব্য থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৫ আগস্ট যেভাবে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের উৎখাত করেছে, ঠিক একইভাবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে নিষিদ্ধঘোষিত ও ষড়যন্ত্রকারী শক্তিকে প্রতিহত করতে হবে।

বর্তমান সরকারের গণতান্ত্রিক চর্চার কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ পাঁচ বছরের জন্য এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে। পাঁচ বছর পর আবার নির্বাচন হবে এবং জনগণ যাদের ভোট দেবেন, তারাই ক্ষমতায় আসবেন। জোর করে ক্ষমতায় থাকার সংস্কৃতি বাতিল হয়ে গেছে।

নিকাহ রেজিস্ট্রার বা কাজিদের সমাজ ও রাষ্ট্রের অত্যন্ত সম্মানিত অংশ উল্লেখ করে রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শত শত বছর ধরে দেশের সংকটময় সময়ে শাসকেরা কাজিদের পরামর্শ নিয়েছেন। নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত নানা দাবি ও কর্মসংস্থানের বিষয়ে তিনি ইতিমধ্যে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান।

সমাবেশে উপস্থিত কাজিদের আশ্বস্ত করে হুইপ দুলু বলেন, বিগত ১৭ বছর আপনারা রাজপথে আমাদের সঙ্গে ছিলেন। আমি কথা দিচ্ছি, আপনাদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো আমি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। প্রয়োজনে আপনাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা করে দেব। এ ছাড়া যে কোনো প্রয়োজনে তার দরজা সব সময় খোলা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা সাবেক আইনমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের অবদানের কথা স্মরণ করেন এবং নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র-সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা যথাযথভাবে সুরক্ষা ও বাস্তবায়নের জোর দাবি জানান।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com