মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
Logo
×

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, কতটা ভয়ঙ্কর এই বোমা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে খোদ যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরান বড়সর হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। আর ভয়াবহ হামলায় ইরান ‘ডার্টি বোমা’ ব্যবহার করতে পারে বলেও গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ (রেডিওলজিক্যাল জিসপার্সাল ডিভাইস বা আরডিডি) হামলার ছক কষেছে তেহরান।

সাতজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনসহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা। গোয়েন্দাদের আশঙ্কা, তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ডার্টি বোমার হামলায় ওয়াশিংটন ও নিউইয়র্কের মতো বড় শহরে বিপর্যয় সৃষ্টি হতে পারে।

তবে ইরান বর্তমানে এ ধরনের হামলার পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা রাখে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যেই সংশয় রয়েছে।

মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার বিষয়ে ইরানের কথিত তৎপরতা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। কর্মকর্তাদের আশঙ্কা, পাচারকারীদের মাধ্যমে ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখতে পারে।

তবে এ দাবির পক্ষে এখনও স্বাধীনভাবে নিশ্চিত কোনো প্রমাণ সামনে আসেনি।

ইরানের পাচারচক্র বেশ শক্তিশালী বলে মনে করা হয়। যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক ইরানি নাগরিকের বসবাসের বিষয়টিও গোয়েন্দাদের বিবেচনায় রয়েছে। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগও আগে উঠেছিল। এসব বিষয় মাথায় রেখেই সতর্ক অবস্থানে রয়েছেন মার্কিন গোয়েন্দারা।

ডার্টি বোমা হামলার জন্য যুদ্ধবিমান বা ড্রোনের প্রয়োজন হয় না। প্রচলিত বিস্ফোরকের মতোই ভূমি থেকে এ ধরনের বোমা ব্যবহার করা সম্ভব। তবে এ ধরনের হামলা চালানো সহজ, এমনটা মনে করারও কারণ নেই।

ডার্টি বোমায় প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। বিস্ফোরণের ফলে এসব পদার্থ আশপাশে ছড়িয়ে পড়তে পারে। এতে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা থাকে। পাশাপাশি ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com