শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশী সঞ্জয় দেব

প্রথম সমাচার ডেস্ক ১৩ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বৈশ্বিক আয়োজনের অংশ হিসেবে কানাডায় অনুষ্ঠিত দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। বিশ্বমঞ্চে তার উপস্থিতি এবং বাংলাদেশের প্রতি ভালোবাসার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পারফরম্যান্স চলাকালে সঞ্জয় দেবের হাতে বাঘ এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকার নকশার ট্যাটু দেখা যায়। অনুষ্ঠানজুড়ে তিনি একাধিকবার সেই ট্যাটু দর্শকদের সামনে তুলে ধরেন, যা বাংলাদেশি দর্শকদের মধ্যে বিশেষ উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

সিলেটে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসেতে। আন্তর্জাতিক অঙ্গনে একজন পরিচিত ডিজে ও সংগীত প্রযোজক হিসেবে তিনি ইতোমধ্যেই নিজস্ব অবস্থান তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে বৈশ্বিক সংগীতাঙ্গনে কাজ করার অভিজ্ঞতাই তাকে ফুটবল বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ এনে দিয়েছে।

তার সাফল্যের তালিকায় আরও একটি উল্লেখযোগ্য অর্জন হলো, তিনি প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যালবামে নিজের গান অন্তর্ভুক্ত করার কৃতিত্ব অর্জন করেছেন। তার গান “Siir Siir” বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে এবং বিশ্বের কোটি কোটি সংগীত ও ফুটবলপ্রেমীর কাছে পৌঁছেছে।

বিশ্বকাপের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর এমন উপস্থিতি দেশের জন্য গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে। সংগীতের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচয় তুলে ধরায় সঞ্জয় দেবকে অভিনন্দন জানিয়েছেন অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা ও সংস্কৃতির প্রতি তার ভালোবাসার প্রকাশ নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...