সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার সন্ধ্যায় আকস্মিক বিভ্রাট দেখা দিয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে শুরু হওয়া এ সমস্যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ ও লগইন করতে সমস্যার সম্মুখীন হন।
ব্যবহারকারীদের অভিযোগ, ওয়েব ও মোবাইল অ্যাপ—উভয় মাধ্যমেই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে। কেউ কেউ লগইন করার চেষ্টা করলে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ বার্তা দেখতে পাচ্ছেন।
শুধু ফেসবুক নয়, মেটার মালিকানাধীন অন্যান্য প্ল্যাটফর্ম—হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেও কিছু ব্যবহারকারী সেবা বিঘ্নের অভিযোগ করেছেন।
ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সমস্যা দেখা গেছে ওয়েব সংস্করণে। অনেক ব্যবহারকারী ফেসবুকে প্রবেশের সময় ‘Sorry, Something Went Wrong’ বার্তা দেখতে পান।
তবে বিভ্রাটের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি মেটা। ফলে কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা স্পষ্ট নয়।
হঠাৎ এ সেবা বিপর্যয়ের কারণে বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি ও ভোগান্তি দেখা দিয়েছে।
