ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মা–বাবাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং ভরণপোষণ না দেওয়ার অভিযোগে মায়ের করা মামলায় নূর জামাল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার নূর জামাল ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি আবদুল হাই ও আম্বিয়া খাতুন দম্পতির সন্তান। এই দম্পতির নূর মোহাম্মদ ও রাজিয়া আক্তার নামের আরও দুই ছেলেমেয়ে রয়েছে।
মামলার এজাহারে আম্বিয়া খাতুন বলেন, ‘আমার স্বামী প্রায় এক বছর ধরে অসুস্থ। ছেলে নূর জামাল আমার বৃদ্ধ ও অসুস্থ স্বামীকে কোনো খাওয়াদাওয়া, ওষুধ, চিকিৎসার ব্যবস্থা ও ভরণপোষণ করে না। উল্টো আমাদের ঘরের জিনিসপত্র বিক্রি করে নেশা করে। গতকাল শনিবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে চারটায় মাতাল অবস্থায় সে বলে, “বুড়া-বুড়ি বাড়ি থেকে বের হয়ে যা, তোদের খাওয়াতে পারবো না।” এই বলে আমাদেরকে ধাক্কা দিয়ে, লাঠি দিয়ে মারধর করে জখম করে ঘর থেকে বের করে দেয় এবং থাকার ঘর ভাঙচুর করে।’
পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নূর জামাল চা–দোকানি। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় দোকান করেন। আগে ঢাকায় চায়ের দোকান করতেন এবং অটোরিকশা চালাতেন। তবে আট-নয় মাস আগে স্ত্রী–সন্তানদের নিয়ে বাড়িতে চলে আসেন। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। কিন্তু মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত হয়ে পরিবারে অশান্তি সৃষ্টি করায় তিন-চার মাস আগে তাঁকে বাড়ি থেকে বের করে দেন মা-বাবা। পরে পাশে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তিনি।
নূর জামালের এক প্রতিবেশী বলেন, উচ্ছৃঙ্খল আচরণ করে নূর জামাল বাবা-মাকে মারতে যান, বাড়ি ভাঙচুর করেন।
আজ রাতে নূর জামালের মা আম্বিয়া খাতুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর ক্যানসার ধরা পড়েছে এক বছর আগে। দুই ছেলে তাদের বাবার চিকিৎসায় কোনো সহায়তা করছে না। চিকিৎসার টাকার প্রয়োজন হওয়ায় সালিস করে ছেলেদের কাছে টাকা চাওয়া হয়। কিন্তু তারা দেয়নি।’
আম্বিয়া খাতুন, গ্রেপ্তার নূর জামালের মাআমার স্বামীর ক্যানসার ধরা পড়েছে এক বছর আগে। দুই ছেলে তাদের বাবার চিকিৎসায় কোনো সহায়তা করছে না। চিকিৎসার টাকার প্রয়োজন হওয়ায় সালিস করে ছেলেদের কাছে টাকা চাওয়া হয়। কিন্তু তারা দেয়নি।
আম্বিয়া খাতুন আরও বলেন, নিরুপায় হয়ে নিজের এক শতকের ভিটা মেয়ের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করেন। এরপর বড় ছেলে নূর জামাল এসে তিন লাখ টাকা দাবি করেন। এ নিয়ে কয়েক দিন ধরেই ঝামেলা করছিলেন। আম্বিয়া খাতুন বলেন, ‘তার বাবাকে মারধর করেছে। দা নিয়ে গতকাল (শনিবার) রাতভর আমাদের তাড়া করেছে। তার ভাইয়ের দোকান ভেঙেছে। গতকাল ভোররাতে আমার থাকার ঘর ভেঙে তছনছ করে দিয়েছে। পরে বাধ্য হয়ে আজ সকালে থানায় গিয়ে মামলা করি।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মা–বাবাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং তাঁদের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে আম্বিয়া খাতুন বাদী হয়ে আজ সকালে থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নূর জামালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান
‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’—অফিসে ঢুকে এ কথা বলেই গুলি, আহত ২
রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন