দুই দিন পর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দুটি ও বৃহস্পতিবার আরও দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের কথা জানায় ইরান। ওই দাবিও তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।
গতকাল শনিবার রয়টার্স ও এএফপির খবরে হরমুজে তিনটি তেলবাহী জাহাজে মাইনের আঘাতে আগুন লাগার দাবি উঠে আসে। আজ আরও দুটি জাহাজে আগুন লাগার কথা জানায় আইআরজিসি।
ইরানের দাবিমতে, আজ নিয়ে ছয় দিনে হরমুজে মোট ১১টি তেলবাহী জাহাজ মাইন আঘাত হানে ও আগুন লাগে। তবে জাহাজগুলোর নাম–পরিচয় না থাকায় এগুলো ১১টি আলাদা জাহাজ কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
নাবিকেরা নিরাপদ
এদিকে যুক্তরাজ্যের নৌবাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও আজ পারস্য উপসাগরে একটি তেলবাহী জাহাজে হামলার খবর দিয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজের নাবিকেরা নিরাপদ আছেন। তবে ক্ষয়ক্ষতি ও সার্বিক অবস্থা সম্পর্কে এখনো জানা যায়নি।
আইআরজিসির জানানো ঘটনার সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।
হরমুজে চলাচলে বাধা
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান। জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হচ্ছে। অনুমতি ছাড়া চলা জাহাজগুলোকে নিয়মিত নিশানা করেছে দেশটি।
এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ পার হতে তেলবাহী জাহাজগুলোকে সহায়তাও করছে মার্কিন বাহিনী। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক–পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সম্প্রতি দাবি করেছে, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা সব মাইন সরিয়ে ফেলেছে।
সেন্টকম গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ দিয়ে তারা উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।

‘পরিবারের মায়া থাকলে দেশ ছাড়ুন’, ফোনে মিতুকে হুমকি
‘বুড়া-বুড়ি বাড়ি থেকে বের হয়ে যা, তোদের খাওয়াতে পারব না’
‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’—অফিসে ঢুকে এ কথা বলেই গুলি, আহত ২