রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

বেড়া থানায় ককটেল নিক্ষেপ; অগ্নিসংযোগের চেষ্টা, কাঁদানে গ্যাস-রাবার বুলেট ছুড়ল পুলিশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগান থেকে রাবার বুলেট ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আজ রোববার (২৯ নভেম্বর) ভোর চারটার দিকে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামের নেতাকর্মীদের নিয়ে একটি মশাল মিছিল বের করা হয়। নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে মিছিলটি ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে গালাগাল ও বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে থানায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ সময় আগের রাতে গ্রেপ্তার হওয়া মহিলা আওয়ামী লীগের চার কর্মীকে সকাল ছয়টার মধ্যে মুক্তি না দিলে বড় ধরনের নাশকতার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে মিছিলকারীরা পিছু হটে।

পরে মিছিলকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়াম এলাকায় গিয়ে মশাল মিছিল ও অগ্নিসংযোগ করে। এ সময় পাবনা-ঢাকা রুটে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল চারটার পর মহিলা আওয়ামী লীগের কয়েকজন কর্মী মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে চার নারী কর্মীকে গ্রেপ্তার করে। এর জের ধরেই ভোরে থানায় হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।এদিকে রোববার সকাল সাড়ে ছয়টার দিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শহীদ খালেক স্টেডিয়ামের সামনে জড়ো হন। সেখানে তারা নাশকতাবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ভোরে একটি মিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। জানমাল রক্ষায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com