প্রথম সমাচার ডেস্ক:
পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন ৫ বাংলাদেশি। ভারতে যাওয়ার পর একটি সংঘবদ্ধ চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে ফেনী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ওই পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। বর্তমানে তারা পরশুরাম থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপর তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবার বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে আসছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে অটোরিকশাটিকে থামার সংকেত দেন। চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে উত্তর বাজার এলাকা থেকে অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাদের পরশুরাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে গত ১৪ নভেম্বর তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে যাওয়ার পর একটি দালাল চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট কেড়ে নেয় এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে ভারতের জয়ন্তীনগর, বীরচন্দ্রনগর অথবা মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে তারা বৈধভাবেই ভারতে গিয়েছিলেন। সেখানে দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে পাসপোর্ট ও টাকা হারিয়েছেন বলে অভিযোগ করেছেন।
বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগীরা ওই দালাল চক্রের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের বিষয়টিও খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন

মাদারীপুরে চোর ধরতে ফকিরের পরামর্শে ‘রুটি পড়া’