ভেনেজুয়েলা থেকে পাওয়া তেল আয় ইরানবিরোধী যুদ্ধ পরিচালনার ব্যয়ের তুলনায় প্রায় ২৫ গুণ বেশি অর্থ এনে দিয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন।
এক বক্তব্যে ট্রাম্প বিশ্বরাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের প্রসঙ্গ তুলে এ মন্তব্য করেন। তিনি বলেন, “ভেনেজুয়েলায় আমরা খারাপ করিনি। আমরা সেখান থেকে এত বেশি তেল পেয়েছি যে ইরান যুদ্ধের ব্যয় প্রায় ২৫ গুণ উঠে এসেছে।”
তার এ মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরানবিরোধী সামরিক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগন–এর তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিশ্লেষকদের মতে, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।
ট্রাম্প তার বক্তব্যে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও উল্লেখ করেন। তিনি ইঙ্গিত দেন, দেশটির তেল উৎপাদন ও রপ্তানি থেকে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য অর্থনৈতিক সুবিধা পেয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিতে পারে।
সোর্স: আল জাজিরা।
