১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে অনিয়ম, জালভোট, পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। এসব অভিযোগে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। তবে নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে শুক্রবারের পরিবর্তে আগামীকাল শনিবার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন জানান, শনিবার বিকাল সাড়ে চারটায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হয়। রাত পৌনে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
ভোট গ্রহণের দিন রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন দেলাওয়ার হোসেন। এ সময় তিনি নির্বাচনের প্রচার থেকে ভোট গ্রহণ পর্যন্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
দেলাওয়ার হোসেনের দাবি, নির্বাচনের শুরু থেকেই অনিয়মের আশঙ্কা ছিল তাদের। প্রচারের সময় বিএনপির প্রার্থী ও তার সমর্থকেরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ভোটের আগে পুরো এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করা হয়। ভোটারদের ধানের শীষে ভোট না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না এবং তাদের দেখিয়ে ব্যালটে সিল মারতে হবে এমন হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের এই প্রার্থীর অভিযোগ, ভোটের দিন সকালে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম ছিল। পরে বিএনপির সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখান এবং টাকা দিয়ে কেন্দ্রে নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাধ্য করেন।
ভোটের হার নিয়েও প্রশ্ন তুলেছেন দেলাওয়ার হোসেন। তিনি বলেন, কেন্দ্রগুলোয় ৫০ শতাংশ ভোট পড়ার মতো উপস্থিতি তারা দেখেননি। অথচ ফলাফলে ভোট পড়ার হার দেখানো হয়েছে ৬৪ শতাংশ। এ ছাড়া কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে অনিয়মের অভিযোগও করেন তিনি।
ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান জামায়াতের প্রার্থী। তার দাবি, কারচুপির উদ্দেশ্যে বিভিন্ন কেন্দ্র থেকে প্রকৃত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সরিয়ে দলীয় লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ কারণে পরিচয়পত্রে ছবি রাখা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে পোলিং এজেন্টদের ওপর হামলার কয়েকটি ঘটনার কথাও তুলে ধরেন দেলাওয়ার হোসেন।
পরে রাত ১১টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত কর্মী-সমর্থকদের দেখতে যান তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের দেলাওয়ার হোসেন বলেন, ভোটে অনিয়ম, জালভোট ও কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সভা-সমাবেশ আয়োজনের ওপর নির্বাচনী আচরণবিধির বিধিনিষেধ থাকায় কর্মসূচি পিছিয়ে শনিবার বিকেল সাড়ে চারটায় নির্ধারণ করা হয়েছে।
জামায়াত প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, শুরু থেকেই জামায়াত এই আসনের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে জাতীয় ইস্যু তৈরির ষড়যন্ত্র করে আসছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে দাঁড়িপাল্লার প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতারা এলাকায় প্রচারণা চালানোর পাশাপাশি ঢাকায় বসেও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তার ভাষ্য, নির্বাচনে অনিয়মের অভিযোগ সেই ষড়যন্ত্রেরই অংশ।
অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও উল্লেখ করার মতো কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতির শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য তিন প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক
‘কারও সঙ্গে অশোভন আচরণ করবেন না’, জয়ী হওয়ার পর নেতাকর্মীদের ফয়সল আমীন
তুরস্কের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতে আমির