প্রথম সমাচার ডেস্ক:
ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মাছের বাজার। বাগেরহাট, খুলনাসহ আশপাশের বিভিন্ন এলাকার মৎস্যঘের থেকে এ বাজারে মাছ আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে মাছ কিনে নিয়ে যান নিজ নিজ এলাকায়। চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের একটি অংশ রপ্তানি হয় বিদেশেও।
দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এ পাইকারি মাছের বাজারে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার মাছ বেচাকেনা হয়। মৌসুমের ব্যস্ত সময়ে তা বেড়ে তিন থেকে চার কোটি টাকায় পৌঁছায়। মাছের বেচাকেনাকে ঘিরে জীবিকা নির্বাহ করছেন ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহনসংশ্লিষ্ট বহু মানুষ। তবে মাছের খাবার ও পোনার দাম বৃদ্ধি, উৎপাদন খরচের তুলনায় কম দাম পাওয়া এবং বাজারের অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ রয়েছে সংশ্লিষ্টদের।
সরেজমিনে দেখা যায়, ভোর ৬টা থেকেই পিকআপ, নসিমন, ভ্যান ও ট্রাকে করে বিভিন্ন এলাকা থেকে মাছ আসতে শুরু করে। সকাল ৮টার মধ্যে পুরোদমে জমে ওঠে বাজার। আড়তের সামনে সারি সারি মাছের প্যাকেট সাজিয়ে রাখেন শ্রমিকেরা। পাইকাররা মাছের আকার ও মান দেখে দরদাম করে কিনে নেন। এরপর শ্রমিকেরা মাছ প্যাকেটজাত করে গাড়িতে তুলে দেন। বেচাকেনা চলে বেলা ১টা পর্যন্ত। বিকেলের আগেই বাজারের ব্যস্ততা কমে আসে।
বাজারে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছের পাশাপাশি বাগদা, গলদা ও ভেনামি চিংড়ি বিক্রি হয়। এসব মাছের বড় অংশ আসে বিভিন্ন মৎস্যঘের থেকে। দেশের বিভিন্ন জেলার পাইকাররা এখান থেকে মাছ কিনে নিজ নিজ এলাকার বাজারে সরবরাহ করেন।
মাছ বিক্রি করতে আসা রুবেল বলেন, ফলতিতায় মাছ আনলে বসে থাকতে হয় না। দ্রুত বিক্রি করে নগদ টাকা নিয়ে চলে যেতে পারি। বাজারের পরিবেশও ভালো, আড়তগুলো গোছানো। তবে জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে মাছের খাবারের দামও অনেক বেড়েছে। ফলে লাভ কমে গেছে, কোনো কোনো সময় লোকসানও হচ্ছে।
রামপাল থেকে মাছ বিক্রি করতে আসা মৎস্যচাষি সৌরভ বলেন, নিজের ঘেরের মাছ নিয়ে আসলাম; বর্তমানে মাছের দাম কিছুটা কম। তবে অন্য হাটের তুলনায় এখানে ভালো দাম পাওয়া যায়। দ্রুত মাছ বিক্রি করে বাড়ি ফেরা যায়।
মাছ ব্যবসায়ী টিটু বলেন, এখানে বাগদা, গলদা, রুই, কাতলা, মৃগেল ও গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এ বাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় মাছ সরবরাহ করা হয়। তবে আগের তুলনায় বর্তমানে মাছের বাজার কিছুটা খারাপ।
দীর্ঘদিনের ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, প্রায় ৪০ থেকে ৪৫ বছর ধরে তিনি এ বাজারে ব্যবসা করছেন। তার মতে, ফলতিতা পুরোনো ও প্রতিষ্ঠিত একটি মাছের মোকাম। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা মাছ কিনতে আসেন।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ফেনীতে বৃষ্টি, আমন ও সবজি নিয়ে বিপাকে কৃষক
ইউরেনিয়ামের সপ্তম চালান পৌঁছাল রূপপুরে
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা গোবিপ্রবি