শনিবার, ২১ নভেম্বর ২০২৬
Logo
×

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার কাশর বোররচর এলাকায় তিন রাস্তার মোড় থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো- মাহমুদ মুক্তাদির (১৬), সাকিবুল হাসান (১৭), ইয়াসিন আরাফাত (১৬), মো. রোমান (১৫), সানজিদুল হাসান রিহান (১৪) ও সানজিদ (১৬)। তাদের মধ্যে মাহমুদ মুক্তাদির দশম ও সানজিদুল হাসান রিহান নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মোবাইল সার্ভিসিং, অটোরিকশা সার্ভিসিং, বাসের হেলপার ও জুতার দোকানের কর্মী হিসেবে কাজ করে।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজনের নেতৃত্বে ওই এলাকায় মিছিল অনুষ্ঠিত হওয়ার খবর পেয়ে ২ নম্বর পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ সময় মিছিলে অংশগ্রহণের অভিযোগে ছয় কিশোরকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত জাবির, আবিদ ও মাইনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়ার জন্য আটক প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।

পুলিশ আরও জানায়, মিছিলে দেওয়া অর্থের উৎস, অর্থ সরবরাহকারী, আয়োজকদের পরিচয় এবং অর্থ লেনদেনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া আটক কিশোরদের সঙ্গে কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা এবং মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, সংঘবদ্ধ অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি এবং অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com